আবুধাবিতে চালু হচ্ছে ‘এয়ার ট্যাক্সি’


ঢাকাঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে চলতি বছর শেষ নাগাদ অথবা ২০২৭ সালের শুরুর দিকে বাণিজ্যিকভাবে ‘এয়ার ট্যাক্সি’ বা উড়ন্ত ট্যাক্সি সেবা চালু হচ্ছে।
সড়ক, নৌ ও আকাশপথের যোগাযোগকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে আমিরাত প্রশাসন। খবর আরব নিউজ।
ফোর্বস মিডল ইস্ট বিল্ডিং দ্য ফিউচার সামিটে সম্প্রতি আবুধাবির ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট সেন্টারের (আইটিসি) ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ হামাদ আল ঘাফেলি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আকাশছোঁয়া ট্যাক্সি সেবা চালুর প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’
এয়ার ট্যাক্সি সেবার পাশাপাশি কয়েক মাসের মধ্যে একটি ডিজিটাল প্লাটফর্ম চালু করবে আইটিসি। এর মাধ্যমে যাত্রীরা একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে পুরো যাতায়াতের পরিকল্পনা, বুকিং ও ভাড়া পরিশোধ করতে পারবেন। ব্যবস্থাটি আমিরাত সরকারের ‘ট্যাম’ প্লাটফর্মের মতোই সহজ হবে বলে মনে করছেন অনেকে।
আর্চার এভিয়েশন ও আবুধাবি ইনভেস্টমেন্ট অফিসের যৌথ অংশীদারত্বের মাধ্যমে ২০২৪ সালে এয়ার ট্যাক্সি প্রকল্পের কাজ শুরু হয়। গত বছর আবুধাবির আল বাতিন এক্সিকিউটিভ এয়ারপোর্টে ‘মিডনাইট’ নামের একটি বিদ্যুচ্চালিত উড়োযানের সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়।
আইটির তথ্যানুযায়ী, সম্পূর্ণ বিদ্যুচ্চালিত এয়ার ট্যাক্সিটিতে একজন পাইলটসহ মোট চারজন যাত্রী বসতে পারবেন। এটি মূলত শহরের ভেতরের ছোট দূরত্বের যাতায়াতের জন্য তৈরি। যানটি ঘণ্টায় ২৪১ কিলোমিটার গতিতে সর্বোচ্চ ১৬১ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। এর ডানায় ১২টি বৈদ্যুতিক মোটর রয়েছে। ওড়ার সময় সামনের ছয়টি মোটর এটিকে ওপরের দিকে তুলতে ও সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে। খাড়াভাবে ওড়া থেকে সামনের দিকে চলতে যানটি মাত্র ৪৫ সেকেন্ড সময় নেয়। বাকি ছয়টি মোটর উড্ডয়ন ও অবতরণের সময় অতিরিক্ত শক্তি জোগায়।
আবুধাবিতে মিডনাইট ট্যাক্সির একটি প্রাথমিক বহর নামানোর পরিকল্পনা রয়েছে শিগগিরই। এজন্য দক্ষ পাইলট, রক্ষণাবেক্ষণ দল ও বিশেষ বুকিং সফটওয়্যার তৈরি করা হচ্ছে।
সেবাটির জন্য আবুধাবির ক্রুজ টার্মিনাল হেলিপ্যাডকে হেলিকপ্টার ও এয়ার ট্যাক্সি উভয়ের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি আমিরাতজুড়ে ১০টিরও বেশি ‘ভার্টিপোর্ট’ বা এয়ার ট্যাক্সি স্টেশন বানানোর পরিকল্পনা রয়েছে।
আইটিসির ড. আল ঘাফেলি আরো জানান, আবুধাবির পরিবহন ব্যবস্থার আধুনিকায়নে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হচ্ছে। জনসংখ্যার বৃদ্ধি, নতুন আবাসন প্রকল্প, গণপরিবহন ও রাস্তার সেন্সর থেকে তথ্য সংগ্রহ করে ট্রাফিক জ্যাম কমানো এবং ভবিষ্যৎ পরিকল্পনার কাজ করছে একটি সমন্বিত প্লাটফর্ম।





