
ঢাকাঃ এশিয়ার বাজারের দিকে মনোযোগ দিচ্ছে ইউক্রেনের ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো।তাইওয়ানকে কেন্দ্র করে এ অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা ও সামরিক ব্যয় বাড়ার পর এ পদক্ষেপ নিয়েছে কোম্পানিগুলো।ইউক্রেনীয় ড্রোন নির্মাতারা এশিয়ায় মার্কিন মিত্রদের কাছে ড্রোন বিক্রি ও যৌথ উৎপাদনের চেষ্টা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।ইউক্রেনের অন্যতম প্রধান ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ইউফোর্স। সংস্থাটির প্রধান নির্বাহী ওলেগ রোগিনস্কি গত এপ্রিলে টোকিও সফর করেন। তিনি ওই সময় জাপানি কর্মকর্তা ও প্রতিরক্ষা ঠিকাদারদের সঙ্গে বৈঠক করেন। নিজেদের প্রতিরক্ষার জন্য হাজার হাজার ড্রোন তৈরির প্রস্তাব দেন তিনি।জাপানের পাশাপাশি আকাশসীমা ও সমুদ্র সুরক্ষায় ড্রোন প্রযুক্তির গুরুত্ব বাড়ছে। ইউফোর্স ছাড়াও স্কাইটন, জেনারেল চেরি ও সোয়ার্মার নামের ইউক্রেনীয় প্রতিষ্ঠানগুলো জাপানে অংশীদার খুঁজছে।প্রতিবেদন বলছে, জাপান সম্প্রতি অস্ত্র রফতানির দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শিথিল করেছে। ফলে ইউক্রেনীয় প্রতিষ্ঠানগুলো সেখানে যৌথ উৎপাদনের সম্ভাবনা দেখছে।এদিকে রাশিয়ার বিরুদ্ধে ৪ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন ড্রোন প্রযুক্তিতে ব্যাপক দক্ষতা অর্জন করেছে। ইউফোর্সের তৈরি মাগুরা নামের সামুদ্রিক ড্রোন কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে। যদিও পূর্ব এশিয়ার সমুদ্রের ভূগোল ভিন্ন, তবু ড্রোনের কার্যকারিতা একই রকম হবে বলে মনে করেন ওলেগ রোগিনস্কি।ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও জাপানের সঙ্গে প্রযুক্তি বিনিময়ের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।














