
ঢাকাঃ চলনবিল এলাকার জনগোষ্ঠীর জন্য পরিচালিত সৌরশক্তিচালিত ভাসমান স্কুল উদ্যোগের জন্য বাংলাদেশী প্রতিষ্ঠান শিধুলাই স্বনির্ভর সংস্থা ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫ পেয়েছে।ইউনেস্কোর ঢাকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভাসমান স্কুল প্রকল্পের প্রতিষ্ঠাতা ও শিধুলাই স্বনির্ভর সংস্থার নির্বাহী পরিচালক স্থপতি মোহাম্মদ রেজওয়ানের হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।শিধুলাইয়ের ভাসমান স্কুল প্রকল্প দেশের অন্যতম বৃহৎ জলাভূমি অঞ্চল চলনবিলে বসবাসকারী মানুষের জন্য শিক্ষা সহায়তা প্রদান করে।সংস্থাটির ভাসমান স্কুলগুলো মূলত শ্রেণীকক্ষ-সুবিধাসম্পন্ন নৌকা। স্থানীয়ভাবে কারিগরদের দ্বারা তাদের ঐতিহ্যবাহী নৌকা নির্মাণের কৌশল ও স্থানীয়ভাবে সংগৃহীত কাঠ দিয়ে নির্মিত প্রতিটি নৌকা সৌরশক্তিচালিত। বর্তমানে শিধুলাই এমন ৫৬টি নৌকা পরিচালনা করছে। এর মধ্যে ২৬টি শ্রেণীকক্ষ, ১০টি গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব, আটটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাকি নৌকাগুলো স্বাস্থ্যসেবা, খেলাধুলা ও পরিবহনসেবা প্রদানে ব্যবহৃত হচ্ছে।









