ঢাকা–নারিতা ফ্লাইট ফের শুরু আগামী ২৭ জুলাই
ঢাকাঃ দীর্ঘ প্রায় ১ বছর ২ মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট।আগামী ২৭ জুলাই থেকে এই রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে নিশ্চিত করেছে বিমান বাংলাদেশএয়ারলাইন্সের একটি সূত্র।প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তীতে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে।এর আগে, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই সময় হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।রুটটি পুনরায় চালুর বিষয়ে সোমবার ১৫ জুন আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।মন্ত্রনালয় জানায়, আগামীকাল ১৫ জুন জুন দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত ঢাকা–নারিতা রুট পুনরায় চালুর বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।এর আগে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর রুটটি পুনরায় চালু করা হয়েছিল। তবে ২০২৫ সালে এটি বন্ধ হয়।বিমান ও সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক ক্রমশ বাড়ছে। ফলে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়াকে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।আগামী ১৫ জুনের সংবাদ সম্মেলনে ফ্লাইটের বিস্তারিত সময়সূচি, ফ্রিকোয়েন্সি এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে।