জাবিতে ১৬তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত


ঢাকাঃ ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্য সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম প্রজাপতি মেলা।
প্রজাপতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে মেলা শুরু হয়। সকাল থেকেই শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
মেলায় সাদা জালের তৈরি বিশেষ ঘরে বিভিন্ন প্রজাতির জীবন্ত প্রজাপতি প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা কাছ থেকে প্রজাপতির বৈচিত্র্য ও জীবন চক্র সম্পর্কে জানার সুযোগ পান।
সকাল সাড়ে ১০টার দিকে প্রজাপতিবিষয়ক পুরস্কার প্রদান এবং ‘লার্ভাল হোস্ট প্লান্টস অব বাটারফ্লাইস ইন বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বইটিতে ৫০টি প্রজাপতির লার্ভা ও পোষক গাছের ছবির পাশাপাশি প্রজাপতির জীবনবিজ্ঞান এবং শনাক্তকরণে সহায়ক জিনভিত্তিক তথ্য তুলে ধরা হয়েছে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রজাপতির অরিগ্যামি প্রদর্শনীর আয়োজন করা হয়।
এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে গবেষক, আলোকচিত্রী ও সংবাদমাধ্যমকর্মীসহ মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়। প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ পানিসম্পদ বিশেষজ্ঞ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষক অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ দেয়া হয়।
‘বাটারফ্লাই ইয়াং এনথুয়াসিস্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন বন্যপ্রাণী গবেষক নাবিলা জামান জ্যোতি। আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে অরুণাভো ব্রুনো, মাসুক আহাম্মেদ ও ইকবাল এইচ বাবু।
বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘মিডিয়া অ্যাওয়ার্ড’-এর ব্রডকাস্ট ক্যাটাগরিতে এনটিভির জাবি প্রতিনিধি আকিব সুলতান অর্ণব, প্রিন্ট ক্যাটাগরিতে যৌথভাবে যায়যায়দিনের ওসমান সরদার ও ইত্তেফাকের বেনজির হোসেন এবং ডিজিটাল ক্যাটাগরিতে যৌথভাবে বণিক বার্তার মো. আতাউর রহমান ও নিউ এইজের সাগর হোসাইন পুরস্কৃত হন।










