ছুটির দিনে ফার্নিচার মেলায় ভিড়


ঢাকাঃ সাপ্তাহিক ছুটির দিনে শনিবার (৩১ অক্টোবর) ক্রেতা-দর্শনার্থীদের পদচারণে জমে উঠেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।
শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ২১তম ফার্নিচার মেলায় আসতে শুরু করেন বিভিন্ন বয়সি মানুষ। কেউ ঘরের জন্য পছন্দের আসবাব কিনতে এসেছেন, আবার কেউ এসেছেন আধুনিক নকশার আসবাবপত্র দেখতে ও দাম যাচাই করতে।
দেশি বিভিন্ন ব্র্যান্ডের নান্দনিক নকশা, পণ্যের বৈচিত্র্য এবং বিশেষ মূল্যছাড় ক্রেতাদের আকৃষ্ট করছে। আইসিসিবির ৩টি (২, ৩ ও ৪) হলে ঘুরে দেখা যায়, মেলার প্রতিটি স্টলেই ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিভিন্ন প্রতিষ্ঠানের সাজানো স্টলে সোফা, খাট, ডাইনিং টেবিল, ওয়্যাড্রব, চেয়ারসহ ঘর সাজানোর নানা ধরনের আসবাবপত্র প্রদর্শন করা হচ্ছে। ক্রেতারা পছন্দের পণ্য দেখতে দেখতে এর নকশা, কাঠের মান, স্থায়িত্ব ও দাম সম্পর্কে বিক্রয়কর্মীদের কাছ থেকে তথ্য নিচ্ছেন। অনেকেই এক প্রতিষ্ঠানের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের পণ্যের মান ও দামের তুলনা করছেন।
আয়োজকরা জানান, এবারের মেলায় দেশীয় ৪৪টি ফার্নিচার ব্র্যান্ড অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে আখতার, হাতিল, অটবি, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স ও রিগালসহ পরিচিত বিভিন্ন প্রতিষ্ঠান। আধুনিক জীবনযাত্রা ও ক্রেতাদের রুচির কথা বিবেচনায় রেখে প্রতিষ্ঠানগুলো তাদের নতুন নকশা ও বৈচিত্র্যময় আসবাবপত্র প্রদর্শন করছে।
মেলায় আসা ক্রেতাদের আগ্রহের অন্যতম কারণ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ মূল্যছাড়। ব্র্যান্ড ও পণ্যের ধরন অনুযায়ী ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। কোনো কোনো আসবাবের ক্ষেত্রে ছাড়ের পরিমাণ ২০ শতাংশ পর্যন্ত। ফলে তুলনামূলক কম দামে পছন্দের আসবাব কেনার সুযোগ খুঁজছেন ক্রেতারা।
বিশেষ করে নতুন বাসা সাজানো, পুরোনো আসবাব পরিবর্তন কিংবা পরিবারের প্রয়োজন অনুযায়ী আসবাব কেনার পরিকল্পনা নিয়ে অনেকেই মেলায় এসেছেন।
হাতিলের স্টলে বেসরকারি চাকরিজীবী রাকিব হাসান বলেন, বাসার জন্য একটি সোফা ও ডাইনিং টেবিল কেনার পরিকল্পনা নিয়ে মেলায় এসেছি। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক ধরনের ডিজাইনের আসবাব রয়েছে। এক জায়গায় এতগুলো ব্র্যান্ডের পণ্য দেখার সুযোগ পাওয়া যায় বলে তুলনা করে পছন্দের জিনিস কেনা সহজ হচ্ছে। মূল্যছাড় থাকায় কেনাকাটার আগ্রহও বেড়েছে।’
বিক্রেতারা জানান, মেলার শুরুর দিনগুলোতে কর্মদিবস হওয়ায় ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থী ও ক্রেতাদের সংখ্যা বেড়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নবরাত্রি হলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকছে। আইসিসিবির হল-২ (পুষ্পগুচ্ছ), হল-৩ (রাজদর্শন) ও হল-৪ (নবরাত্রি)-এ মেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কেএম আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।










