বায়তুল মোকাররমে জমজমাট ইসলামী বইমেলা


ঢাকাঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামী বইমেলা।
দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে পাঠক ও বইপ্রেমীদের আনাগোনা। বিশেষ করে বিকেলের পর মেলা প্রাঙ্গণ জমে উঠছে দূরদূরান্ত থেকে আসা বইপ্রেমীদের পদচারণায়। বাড়ছে বেচাকেনাও।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের আয়োজনে গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া মাসব্যাপী এ মেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।
এবারের মেলায় মোট ২০৬টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। অংশ নিয়েছে দেশি-বিদেশি ১৯৩টি প্রকাশনা প্রতিষ্ঠান।
বাংলাদেশ ছাড়াও মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে ৭টি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
মেলার বিভিন্ন স্টলে পবিত্র কোরআন, তাফসির, হাদিস, সিরাত, ইসলামী দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্য এবং শিশু-কিশোরদের উপযোগী বই পাওয়া যাচ্ছে।
দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টলেও রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দুর্লভ প্রকাশনা। বিদেশি স্টলগুলোতে বিশ্বখ্যাত আলেম ও গবেষকদের বইয়ের পাশাপাশি বিভিন্ন দেশের ইসলামী সাহিত্য ও গবেষণাগ্রন্থও মিলছে।
পাঠকদের আকৃষ্ট করতে মেলার বিভিন্ন স্টলে ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব প্রকাশনায়ও রয়েছে বিশেষ কমিশন।
পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা, শিশুদের জন্য ‘শিশু চত্বর’, তথ্যকেন্দ্র, ম্যাগাজিন ও লেখক কর্নার এবং গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া কর্নার রয়েছে।
মেলার অন্যতম আকর্ষণ ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত ‘সীরাত এক্সিবিশন’। ১৩টি প্রজেক্টের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকছে।










