বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে ফের বিপাকে ফিফা


ঢাকাঃ ২০২৬ ফুটবল বিশ্বকাপ যত এগিয়ে আসছে, আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফার ওপর চাপের পাহাড় ততই বাড়ছে।
টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে এমনিতেই ক্ষোভ তৈরি হয়েছিল। এবার সেই বিতর্ক গড়াল আদালত পর্যন্ত। সাধারণ দর্শকদের পাশে দাঁড়িয়ে খোদ আমেরিকার আদালত ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে চলেছে। আদালতের স্পষ্ট দাবি, সাধারণ ফুটবলপ্রেমীদের কাছ থেকে টিকিটের যে চড়া দাম নেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ অন্যায় এবং অবিচারের শামিল।
বিশেষ করে নিউইয়র্ক এবং নিউ জার্সির সরকারি আইনজীবীরা এই বিষয়ে তীব্র আপত্তি তুলেছেন। তাঁদের অভিযোগ, ফিফা টিকিট বিক্রির ক্ষেত্রে ক্রেতা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
জানা গেছে, নিউইয়র্ক ও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালসহ বিশ্বকাপের মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের শহরে বিশ্বকাপ আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু টিকিটের অতিরিক্ত দামের কারণে এখন খোদ শহরের লোকেরাই মাঠে গিয়ে খেলা দেখা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় দিন গুনছেন।
তদন্তকারীদের আতশকাচের নিচে রয়েছে ফিফার বিতর্কিত ‘ডায়নামিক প্রাইসিং’ বা চাহিদাভিত্তিক মূল্য নীতি। এই নিয়ম অনুযায়ী, টিকিটের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও পাল্লা দিয়ে বাড়ানো হয়। নিউইয়র্কের ক্রেতা এবং কর্মী সুরক্ষা দফতরের সহযোগিতায় সরকারি আইনজীবীরা এই পুরো প্রক্রিয়াটির তদন্ত করছেন।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে, নিউইয়র্কবাসী বহু বছর ধরে নিজেদের শহরে বিশ্বকাপের ম্যাচ দেখার স্বপ্ন বুনেছেন। তাই কম দামের টিকিটে ম্যাচ দেখার ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার পাওয়া উচিত ছিল। সাধারণ মানুষকে জোর করে চড়া দামে টিকিট কিনতে বাধ্য করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
টিকিটের অতিরিক্ত দামের পাশাপাশি ফিফার বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগও উঠেছে। টিকিট বিক্রির সময় স্টেডিয়ামের যে ভার্চুয়াল মানচিত্র বা সিটিং প্ল্যান দেখানো হয়েছিল, বাস্তবে তার সঙ্গে আসন বিন্যাসের কোনো মিল পাওয়া যাচ্ছে না।
অভিযোগ উঠেছে, মাঠের কাছাকাছি ভেবে দর্শকেরা চড়া মূল্যে যে টিকিট কিনেছেন, আদতে সেই আসনগুলো মাঠ থেকে বহু দূরে অবস্থিত। টিকিটের এই অস্বচ্ছ কাঠামোর পাশাপাশি আসন বিভ্রাটের মতো গুরুতর অনিয়ম খতিয়ে দেখতেই এবার আইনি পদক্ষেপের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।










