আজ শুরু হজ ও ওমরাহ মেলা


ঢাকাঃ তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই)।
রাজধানীর আগারগাঁস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা চলবে ১ আগস্ট পর্যন্ত।
হজ ও ওমরাহ মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সউদী দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ তথ্য জানান।
হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলায় হজ কার্যক্রমে অনুমোদনপ্রাপ্ত এজেন্সিগুলো স্টল দেবে। এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ মূল্য ও প্যাকেজে বর্ণিত সুবিধাদি যাচাই-বাছাই ও পর্যালোচনা করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই যাত্রীগণ সরাসরি হজে গমণের জন্য পছন্দমতো এজেন্সির সঙ্গে বুকিং বা চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন।
মহাসচিব বলেন, হজের বুকিং নিতে এই তিনদিনের জন্য একটা সুযোগ থাকবে, ছাড় পাবেন। যারা হজ এবং ওমরাহ পালনে ইচ্ছুক, তাদের মেলায় এসে এই সুযোগ নেওয়ার অনুরোধ করছি।
হজ ও ওমরাহ মেলার উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশের হজে গমণেচ্ছুক ভাই-বোনদের অধিকাংশই দেশের গ্রামেগঞ্জে বাস করেন। এ মেলা আয়োজনের উদ্দেশ্য হল মূলত বিভিন্ন হজ এজেন্সি ও হজে গমণেচ্ছুদের মধ্যকার দূরত্ব কমিয়ে তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। এর মাধ্যমে হজযাত্রীদের এক শ্রেণির গ্রুপ লিডার, প্রতারক এবং মধ্যস্বত্বভোগীদের কবল থেকে ধর্মপ্রাণ মানুষকে পরিত্রাণ দেওয়া এবং হয়রানি, প্রতারণা ও অর্থ আত্মসাতের মতো দুর্ভাগ্যজনক ঘটনা থেকে হজযাত্রীদের রক্ষা করা।
তিনি আরও বলেন, বর্তমানে সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় লোভনীয়-আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা এবং বিভিন্ন সেলিব্রেটি বা সমাজের বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিগত ইমেজ ব্যবহার করে অনৈতিকভাবে হজযাত্রী সংগ্রহ করছেন।
বিভিন্ন সময় এসব হজযাত্রী অনেকাংশে প্রতারিত হচ্ছেন। বিষয়টি নিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে সতর্কতামূলক বিজ্ঞাপন দেওয়া হয়েছে। হাব মহাসচিব বলেন, আমরা হজ ও ওমরাহ গমণেচ্ছু ভাই ও বোনদের হজ মেলায় এসে লাইসেন্সের মালিকানা যাচাই করে হজ ও ওমরাহ করার জন্য চুক্তিবদ্ধ হওয়ার অনুরোধ করছি। সরাসরি এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার অনুরোধ জানান হাব মহাসচিব।


