আন্তর্জাতিক “গোল্ডেন কীস” সম্মাননা পেলেন সাইফুর রহমান জাবেদ


ঢাকাঃ রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের
চিফ কনসিয়ার্জ সাইফুর রহমান জাবেদ আন্তর্জাতিক কনসিয়ার্জ সংগঠন “Les
Clefs d’Or” এর সদস্যপদ অর্জনের মাধ্যমে দেশের প্রথম প্রতিনিধি হয়েছেন।
১৫-১৭ জুন ভারতের উদয়পুরে ম্যারিয়ট হোটেলে
অনুষ্ঠিত “Les Clefs d’Or India” এর ১৯তম বার্ষিক সাধারণ সভা এবং
১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তাকে এই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করা
হয়।
১৬ জুন আয়োজিত আনুষ্ঠানিক পর্বে তার কোটে
“গোল্ডেন কীস”
এর
স্বর্ণের পিন পরিয়ে সদস্যপদ নিশ্চিত করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের কনসিয়ার্জ পেশাজীবীরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে “Les
Clefs d’Or” এর কোনো স্বতন্ত্র জাতীয় সংগঠন বা সেকশন নেই। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে
সংগঠনটির সক্রিয় সেকশন ভারতেই বিদ্যমান। সাইফুর রহমান জাবেদ ভারতীয় সেকশন “Les
Clefs d’Or India” এর মাধ্যমেই এই সদস্যপদ অর্জন করেন।
“Les Clefs d’Or” বিশ্বব্যাপী
কনসিয়ার্জ পেশাজীবীদের একটি সংগঠন, যার সূচনা ১৯২৯ সালে ফ্রান্সের প্যারিসে। পরবর্তীতে
১৯৫২ সালে এটি আনুষ্ঠানিক রূপ লাভ করে। বর্তমানে “Service through
Friendship” নীতিকে ধারণ করে সংগঠনটি বিশ্বের ৮০টিরও বেশি দেশে বিস্তৃত একটি শক্তিশালী
নেটওয়ার্কে পরিণত হয়েছে।
শুধুমাত্র সেইসব কনসিয়ার্জদেরই সদস্যপদ
প্রদান করা হয়, যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেবা দক্ষতা, পেশাদারিত্ব এবং অতিথি সন্তুষ্টি
নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রার্থীদের কঠোর যাচাই-বাছাই, বিদ্যমান
সদস্যদের সুপারিশ এবং আন্তর্জাতিক মানের মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত
হতে হয়।




