
ঢাকাঃ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৪ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে পাইলট এবং একই পরিবারের ৩ কলম্বিয়ান নারী রয়েছেন।শনিবার (৮ আগস্ট) হেলিকপ্টারটি রিওর বিখ্যাত তিজুকা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা এলাকাটি শহরের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।দুর্ঘটনার পর রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে শহরে হেলিকপ্টার পর্যটন ফ্লাইটের ওপর আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন। নতুন নিরাপত্তাব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত এসব ফ্লাইট এক বা দুই সপ্তাহ বন্ধ রাখার কথাও বলেছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান কাভালিয়েরে। তিনি বলেন, “দুর্ঘটনার পর ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনসি) সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।”কাভালিয়েরে জানান, রিও সিটি কর্তৃপক্ষ এএনসিকে শহরে চলাচলকারী হেলিকপ্টারগুলোর ওপর অবিলম্বে নজরদারি বাড়ানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।দুর্ঘটনাটি তিজুকা ন্যাশনাল পার্কের ভিস্তা চিনেজা এলাকার কাছে ঘটে। ভিস্তা চিনেজা একটি জনপ্রিয় পর্যবেক্ষণ স্থান, যেখানে বাঁশের তৈরি ছোট একটি প্যাগোডা রয়েছে।তিজুকা ন্যাশনাল পার্ক রিওর অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এখান থেকে শহরের বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি ও উপকূলীয় এলাকার মনোরম দৃশ্য দেখা যায়।রিও ডি জেনেইরোয় নিযুক্ত কলম্বিয়ার কনসাল জেনারেল দিয়ানা পায়েজ বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহত ৩ নারী একই পরিবারের সদস্য। পরিবারের এক সদস্যের জন্মদিন উদযাপন করতে তারা রিওতে এসেছিলেন।পরিবারের মোট ৬ জন সদস্য দুই দলে ভাগ হয়ে হেলিকপ্টারে ওঠেন। কারণ হেলিকপ্টারটিতে একসঙ্গে ৩ জনের বেশি যাত্রী নেওয়ার সুযোগ ছিল না। দুর্ঘটনায় ওই পরিবারের দাদি, খালা ও এক কাজিন নিহত হয়েছেন।
