সৌদি ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করলো ২ দেশ
ঢাকাঃ নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সৌদি আরবে ভ্রমণ না করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ইতালি ও কানাডা।সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানিয়েছে কানাডা।২২ অক্টোবর হালনাগাদ করা ভ্রমণ সতর্কবার্তায় ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সৌদি আরবে সব ধরনের ভ্রমণ পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।একই সঙ্গে সৌদি আরবের ভূখণ্ডে অবস্থিত বিমানবন্দর ব্যবহার না করে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। সৌদি আরবের ভেতরে কিংবা দেশটির সীমান্ত অতিক্রম করে জরুরি প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে আকাশপথের বিকল্প ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।ইতালির যেসব নাগরিক ইতোমধ্যে সৌদি আরবে রয়েছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। জরুরি পরিস্থিতিতে নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়।এ ছাড়া সামরিক ও নিরাপত্তা স্থাপনা, জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং সামরিক তৎপরতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কাছাকাছি না যাওয়ার বিষয়ে নাগরিকদের সতর্ক করা হয়েছে।সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান, নাজরান ও আসির প্রদেশে ভ্রমণ না করার পরামর্শও পুনর্ব্যক্ত করেছে ইতালি। বিশেষ করে ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে যাতায়াত কঠোরভাবে নিরুৎসাহিত করেছে দেশটি।অন্যদিকে কানাডাও সৌদি আরবে ভ্রমণসংক্রান্ত সতর্কবার্তা হালনাগাদ করেছে। চলমান সামরিক তৎপরতার কারণে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে নাগরিকদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।২২ অক্টোবর প্রকাশিত সতর্কবার্তায় কানাডা সরকার জানায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে বন্ধ রয়েছে। আরও হামলা হলে সৌদি আরবের আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে কানাডা।এ ছাড়া কোনও পূর্বঘোষণা ছাড়াই কিংবা খুব অল্প সময়ের নোটিশে দেশটির আরও বিমানবন্দর বন্ধ হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল থাকায় সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলারও আহ্বান জানিয়েছে কানাডা।