উড়োজাহাজের জ্বালানি পরিবহনে অনিয়মে কঠোর ব্যবস্থা


ঢাকাঃ উড়োজাহাজে জ্বালানি তেল পরিবহনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি।
এ কার্যক্রমে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিবহনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের পাশাপাশি জামানত বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। একই সঙ্গে আগামী ১ ডিসেম্বর থেকে ৯ হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংকলরিতে উড়োজাহাজের জ্বালানি পরিবহন বন্ধ হচ্ছে।
সম্প্রতি রাজধানীর কারওরান বাজারে বিটিএমসি ভবনে পদ্মা অয়েলের ঢাকা কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে গোদনাইল, নারায়ণগঞ্জ থেকে কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে জেট এ-১ জ্বালানি পরিবহনকারী ট্যাংকলরির মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জানানো হয়, জ্বালানি পরিবহনে পদ্মা অয়েলের কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতি কিংবা অনিয়মে জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোম্পানির প্রচলিত বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
পাশাপাশি পরিবহন কার্যক্রমে নিয়োজিত ট্যাংকলরির চালক ও শ্রমিকদের নিয়োগপত্র দেয়ার বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা ঐকমত্যে পৌঁছান।
জ্বালানি পরিবহনে নজরদারি বাড়াতে সব ট্যাংকলরিতে যানবাহন শনাক্তকরণ ও অবস্থান পর্যবেক্ষণ ব্যবস্থা (ভেহিকল ট্র্যাকিং সিস্টেম—ভিটিএস) স্থাপন এবং তা সার্বক্ষণিক সচল রাখার সিদ্ধান্ত হয়েছে। এ কার্যক্রম তদারকিতে একটি নিয়ন্ত্রণ সেল গঠন করবে পদ্মা অয়েল। এর মাধ্যমে জ্বালানিবাহী ট্যাংকলরির চলাচল পর্যবেক্ষণ করা হবে।
এছাড়া পরিবহনের সময় কোনো ট্যাংকলরিতে যান্ত্রিক বা অন্য কোনো সমস্যা দেখা দিলে কিংবা নির্ধারিত সময়ে কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে পৌঁছাতে বিলম্ব হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত হয়েছে।
সভায় অংশগ্রহণকারী সকল পক্ষ উড়োজাহাজের জ্বালানি তেল পরিবহনে চুরি ও অনিয়ম প্রতিরোধ, শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ এবং নিরাপদ, স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল; বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হকসহ পরিবহন মালিক পক্ষের প্রতিনিধিরা বক্তব্য দেন।










