যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমানের ফ্লাইট


ঢাকা : যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে প্রায় ৭ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি বিমান।
শুক্রবার (৭ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার সময় ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ রাত ১০টায় জানায়, কানাডার টরন্টো থেকে ঢাকায় ফেরার সময় ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে ফ্লাইট বিজি-৩০৬ উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে বিজি-৩০৫ (ঢাকা-রোম-টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বার্তায় জানায়, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩০৬ (টরন্টো–রোম–ঢাকা) পরিচালনাকালে ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।’
বিমান জানায়, ‘ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে বিজি৩০৬ রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে বিজি৩০৫ (ঢাকা–রোম–টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে। রোমে অবস্থানরত বিজি৩০৬-এর যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।’
এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও যাত্রীদের অসুবিধার দুঃখ প্রকাশ করেছে বিমান।
সংস্থাটি আরো জানিয়েছে, ত্রুটির সম্মুখীন হওয়া উড়োজাহাজের যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঢাকা থেকে টরন্টোগামী বিজি-৩০৫ এর নতুন উড্ডয়নের সময় আজ শনিবার ( ৮ আগস্ট) বেলা ১টায় নির্ধারণ করা হয়েছে।









