ফের ফুয়েল সারচার্জ বাড়ালো ইন্ডিগো


ঢাকাঃ জ্বালানি সংকটের জেরে ফের উড়োজাহাজের জ্বালানি সারচার্জ বাড়ালো ইন্ডিগো।
মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে দেশীয় ও আন্তর্জাতিক—দুই রুটেই নতুন ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় এই উড়োজাহাজ সংস্থা। ইতোমধ্যে দূরত্বভেদে কত সারচার্জ দিতে হবে, তার তালিকাও প্রকাশ করেছে ইন্ডিগো।
এপ্রিলের পর এ নিয়ে দ্বিতীয় দফায় ফুয়েল সারচার্জ বাড়াল এয়ারলাইনটি। জ্বালানি খরচ বাড়ার কারণে ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তে নিয়মিত উড়োজাহাজে যাতায়াতকারী যাত্রীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে বলে ধারণা করা হচ্ছে।
একদিকে ইউক্রেন–রাশিয়া, অন্যদিকে ইসরায়েল–ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে বলে দাবি করা হয়েছে। সেই মূল্যবৃদ্ধির কারণ দেখিয়েই ইন্ডিগো জানিয়েছে, তাদের টিকিটে আবারও ফুয়েল সারচার্জ বাড়ানো হচ্ছে।
এয়ারলাইনটির দাবি, ভারতের বাজারে সম্প্রতি উড়োজাহাজ জ্বালানির দাম লিটারপ্রতি ১৬ টাকা বেড়ে ১৩৭ টাকায় উঠেছে। এর আগে আগস্ট ও সেপ্টেম্বরেও জ্বালানির দাম বেড়েছে।
কলকাতা–হায়দরাবাদসহ বেশ কয়েকটি রুটে শুধু ইন্ডিগোর ফ্লাইটই চলাচল করে। যাত্রীদের একটি বড় অংশের অভিযোগ, এসব রুটে কার্যত একচেটিয়া ব্যবসা চলছে। ফলে এমনিতেই টিকিটের দাম বেশি, তার ওপর নিয়মিত ভাড়া বাড়ানোয় যাত্রীদের ভোগান্তি ও ব্যয় দুটোই বাড়ছে।
পুজোর সময়ে এক মাস আগে টিকিট কাটলে হায়দরাবাদ–কলকাতা রুটে টিকিটের দাম ১৬ হাজার টাকারও বেশি লাগছে।
এয়ারলাইন্সটির দাবি, তাদের সামগ্রিক খরচের প্রায় ৪০ শতাংশই হয় জ্বালানির জন্য। তাই, বিশ্ব বাজারে জ্বালানির দাম বাড়ায় তারা ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছে।
এই মুহূর্তে ডোমেস্টিকে দূরত্বের উপরে নির্ভর করে ফুয়েল সারচার্জ ৩৭৫ থেকে ১৩০০ টাকার মধ্যে ধার্য করা হচ্ছে।
উদাহরণ দিয়ে ইন্ডিগো জানিয়েছে, এপ্রিলে যে রুটে ফুয়েল চার্জ ২৭৫ টাকা ছিল, সেটাই বেড়ে এ বার ৩৭৫ টাকা করা হচ্ছে। একই ভাবে ইন্টারন্যাশনাল সেক্টরেও বাড়ছে ফুয়েল সারচার্জ।










