
ঢাকাঃ দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ)।সোমবার (১৫ জুন)এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ এ তথ্য জানায়। এতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১১ জুনের প্রজ্ঞাপনের আলোকে এই নির্দেশনা জারি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন স্থানীয় কার্যালয় থেকে সরাসরি অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।নতুন নিয়ম অনুযায়ী, কোনো গণপরিবহনে জিপিএস সংযুক্ত না থাকলে সেটির রেজিস্ট্রেশন প্রদান বা ফিটনেস সনদ নবায়ন করা হবে না। বিষয়টি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী বাস্তবায়ন করা হবে। বিআরটিএ সংশ্লিষ্ট সব গণপরিবহন মালিক ও অপারেটরদের সহযোগিতা কামনা করেছে।


