
রাঙ্গামাটি : অনির্দিষ্টকালের সড়ক অবরোধের পঞ্চম দিনেও অবরোধের কারণে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ বন্ধ রয়েছে।এতে পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।আজ সোমবার (২৬ অক্টোবর) বাঘাইছড়ি উপজেলা পরিষদে কমিটি ও স্থানীয় হেডম্যান-কারবারিদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় শুরু হয়েছে।সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ অবরোধ চলছে। আন্দোলনকারীদের দাবি, সাজেক থেকে জেএসএসের সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা, হামলা ও লুটপাটের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণসহ ৫দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।এদিকে, রাঙামাটি জেলা প্রশাসন গত ২২ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে। এতে রিসোর্ট, কটেজ ও পরিবহনসহ পর্যটননির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়েছে।রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অবরোধ প্রত্যাহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।










