খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা পালিত


খাগড়াছড়ি : যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে পালিত হলো শুভ প্রবারণা পূর্ণিমা।
বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পর্যন্ত ৩ মাস বর্ষাবাসের পর এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য এই ৩ মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা, নীতি অনুশীলন করেন।
এ উপলক্ষে রবিবার (২৫ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদরের ধর্মপুর এলাকার ঐতিহ্যবাহী পুরোনো আর্য বনবিহারে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে দেশ ও জাতির সুখ ও মঙ্গল কামনায় বৌদ্ধ নারী-পুরুষরা পঞ্চশীল গ্রহণ করেন। পরে বুদ্ধের উদ্দেশে ফুল পূজা, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড (আহার) দান ইত্যাদি অনুষ্ঠিত হয়। এ ছাড়া আগতরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম দেশনা শ্রবণ করেন।
তিন মাসের বর্ষাবাস শেষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হিসেবে প্রবারণা পূর্ণিমা পালিত হয়।
এই পূর্ণিমা আত্মশুদ্ধি, ক্ষমা, মৈত্রী ও অহিংসার শিক্ষা দেয়। পাশাপাশি পারস্পরিক ভুলত্রুটি ক্ষমা করে হিংসা-বিদ্বেষ পরিহার এবং সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনার আহ্বান জানানো হয়।



