
ঢাকাঃ দুই বছর বন্ধ থাকার পর২৮ জুন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট বা পর্যটন ভিসা চালু করেছে ভারত।ভিসা চালুর পর থেকেই দেশের ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ভারতীয় হাইকমিশন।বার্তায় বলা হয়, ‘বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিবর্গের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় আমরা সত্যিই উৎসাহিত।আমরা আমাদের ভিসা পরিষেবাসমূহ বিস্তৃতকরণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি, এই সময়ে আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।’এর আগে গত ২৫ জুন প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, ২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা সুবিধা আবার চালু করা হবে।ওই সময় তিনি জানান, পর্যায়ক্রমে ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে। পাশাপাশি মানবিক দিক বিবেচনায় মেডিক্যাল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে চিকিৎসাপ্রত্যাশীরা সহজে সেবা পান।প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য শহরের আইভ্যাক কেন্দ্রেও এ সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।