তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন


ঢাকাঃ দেশীয় উদ্ভাবনকে গবেষণাগার থেকে বাস্তব উৎপাদনে নেওয়ার পাশাপাশি এসব উদ্ভাবনকে বাজারের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার ( ১২ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে তিন দিনব্যাপী ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত মেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী একথা বলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মেলায় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানের সাথে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন।
প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি উদ্ভাবন মেলায় প্রদর্শিত হচ্ছে।
সংশ্লিষ্টরা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সম্ভাবনাময় অনেক প্রযুক্তি ও নতুন ধারণা তৈরি হলেও প্রয়োজনীয় নীতি সহায়তা, প্রাথমিক অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে সেগুলোর অনেকটাই বাণিজ্যিক পর্যায়ে পৌঁছাতে পারে না। এসব বাধা দূর করার পাশাপাশি উদ্ভাবকদের মেধাস্বত্ব সুরক্ষা এবং তাদের পণ্য ও প্রযুক্তির বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করাই মেলার অন্যতম উদ্দেশ্য।
মেলার দ্বিতীয় দিন আগামীকাল রবিবার স্বাস্থ্যসেবা খাত নিয়ে একটি আন্তর্জাতিক সেশনের আয়োজন করা হয়েছে। ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এ অধিবেশনে কম খরচে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রযুক্তি ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মেলায় কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই)। আর কারিগরি অংশীদার হিসেবে যুক্ত রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।










