৪ ফ্লাইটে ১৬ ডিসেম্বর আংশিক চালু তৃতীয় টার্মিনাল


ঢাকাঃ আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালুর লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সরকার।
প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে নতুন টার্মিনালের কার্যক্রম শুরু হবে।
এ লক্ষ্যে ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভায় তৃতীয় টার্মিনাল চালুর আগে বিভিন্ন সংস্থার প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করা হয়।
ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসব কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনালের কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে।
শুরুতে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এর পর ধাপে ধাপে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, তৃতীয় টার্মিনাল চালুর ক্ষেত্রে কোনো একটি সংস্থার প্রস্তুতিতে ঘাটতি থাকলে সামগ্রিক কার্যক্রম ব্যাহত হতে পারে।
তাই সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় এবং সময়মতো সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি।
সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।










