ভাড়া পর্যালোচনা ও সেবার মান বাড়াতে এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা


ঢাকাঃ বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি উড়োজাহাজ সংস্থাগুলোকে ভাড়া পর্যালোচনা, কেবিনের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং যাত্রীসেবার মান উন্নত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)।
ভ্রমণের দূরত্ব ও সেবার মান বিবেচনায় নিয়ে যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এক নির্দেশনায় সিএএবি জানিয়েছে, কয়েকটি উড়োজাহাজ সংস্থা নির্দিষ্ট আন্তর্জাতিক রুটে ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত সেবার তুলনায় তুলনামূলক বেশি ভাড়া আদায় করছে। এ ধরনের ক্ষেত্রে দূরত্বের ভিত্তিতে যৌক্তিক ভাড়া নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ থেকে এবং বাংলাদেশে চলাচলকারী কিছু উড়োজাহাজের যাত্রী কেবিন অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর অবস্থায় থাকে। আসন, মেঝে, কার্পেট, টয়লেট ও ট্রে টেবিল অপরিষ্কার থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।
উড়োজাহাজ সংস্থাগুলোর প্রকৃত সেবার মান পর্যবেক্ষণ ও মূল্যায়নে পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে বলা হয় যাত্রীদের আরামদায়ক ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ফ্লাইটের আগে কেবিন যথাযথভাবে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ফ্লাইটে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।










