স্থগিতাদেশের সময় বাড়াচ্ছে বৈশ্বিক এয়ারলাইনস
ঢাকাঃ সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলা ও নিরাপত্তা বিধিনিষেধে আন্তর্জাতিক আকাশপথে ফ্লাইট চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে।চলমান পরিস্থিতিতে বিভিন্ন দেশের উড়োজাহাজ সংস্থা সৌদি আরবগামী ফ্লাইটের স্থগিতাদেশের সময়কাল বাড়াচ্ছে।গত কয়েক দিনে ঢাকা থেকে সরাসরি সৌদি আরবগামী এবং দেশটির বিমানবন্দর ব্যবহার করে পরিচালিত মোট ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাতিল ফ্লাইটের মধ্যে সরাসরি সৌদি আরবগামী ৫০টি এবং সংযোগকারী ফ্লাইট ৬৪টি। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদিয়ার ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।সংযোগকারী ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার পাঁচটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।শুধু বাংলাদেশ নয়, আশপাশের আরো অনেক দেশও ফ্লাইট বতিল করছে। এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট ২০ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।ইন্ডিগো সৌদি আরবের সব গন্তব্যে ফ্লাইট চলাচল ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ রেখেছে। আকাসা এয়ারের রিয়াদগামী ফ্লাইট ২৪ অক্টোবর এবং জেদ্দাগামী ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত রয়েছে।উপসাগরীয় অঞ্চলের কয়েকটি সংস্থাও ফ্লাইট চলাচলে বিধিনিষেধ দিয়েছে। ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট এবং জেদ্দাগামী কিছু ফ্লাইট স্থগিত করেছে। ফ্লাইদুবাইয়ের রিয়াদ, দাম্মাম ও আবহাগামী ফ্লাইট ১৯ অক্টোবর পর্যন্ত বাতিল রয়েছে।অন্যদিকে এমিরেটসের সৌদি আরবগামী কয়েকটি রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হলেও সংস্থাটি পুরো নেটওয়ার্ক বন্ধ করেনি। কাতার এয়ারওয়েজ রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত রেখেছে। সৌদি আরবের কয়েকটি গন্তব্যে এয়ার অ্যারাবিয়ারও ফ্লাইট বিঘ্নিত হয়েছে।ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থা তাদের সূচিতে পরিবর্তন এনেছে। এয়ার ফ্রান্স-কেএলএম রিয়াদগামী ফ্লাইট অক্টোবরের শেষ পর্যন্ত স্থগিত রেখেছে। মালয়েশিয়া এয়ারলাইনসের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট গতকাল পর্যন্ত স্থগিত ছিল। ফিলিপাইন এয়ারলাইনস রিয়াদগামী ফ্লাইট ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ রেখেছে।ক্যাথে প্যাসিফিক হংকং থেকে রিয়াদ ও দুবাইগামী ফ্লাইট পুনরায় চালুর সময় পিছিয়ে আগামী বছরের ৩১ জানুয়ারি নির্ধারণ করেছে। ডেল্টা এয়ারলাইনসও যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে রিয়াদে নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা পিছিয়ে নিয়েছে আগামী বছরের মার্চে।মধ্যপ্রাচ্য সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উড়োজাহাজ চলাচলবিষয়ক তথ্য বিশ্লেষক সংস্থা সিরিয়ামের বরাত দিয়ে বলা হয়েছে, ৮ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিমানবন্দরগুলো থেকে নির্ধারিত ৮ হাজার ৮৮৩টি ফ্লাইটের মধ্যে ৪ হাজারের বেশি বাতিল হয়েছে বা পরিচালিত হয়নি।১৫ অক্টোবর রিয়াদ বিমানবন্দরের নির্ধারিত ৩৬৬টি ফ্লাইটের মধ্যে ২৯৮টি বাতিল বা পরিচালিত হয়নি। একই দিনে দাম্মামের ১৩১টি ফ্লাইটের মধ্যে ৬০টি এবং জেদ্দার ৩৮৫টি ফ্লাইটের মধ্যে ৮৭টি আকাশে ওড়েনি।এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।অনুমতি পাওয়া সাপেক্ষে ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চালু রয়েছে। যাত্রী পরিবহনে মদিনা রুটে বড় উড়োজাহাজ ব্যবহার এবং জেদ্দাগামী অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগও নেয়া হয়েছে।২১ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে ফ্লাইট পরিচালনা স্থগিত রেখেছে দেশের বৃহৎ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসও।