রোমে বিমানের টেকনিক্যাল যাত্রাবিরতি, পরিচালন প্রস্তুতি নিয়ে প্রশ্ন


ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো রুটে কারিগরি যাত্রাবিরতির স্থান ইস্তাম্বুল থেকে রোমে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরিচালনগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে।
চলতি বছরের মার্চে চালু হওয়া এ পরিবর্তনের ফলে নির্ধারিত যাত্রার সময় প্রায় ৫৫ মিনিট কমে আসে। পাশাপাশি, এয়ারলাইনসটির আগে থেকেই ব্যবহারযোগ্য অবকাঠামো কাজে লাগানোর সুযোগ তৈরি হয়। আপাতদৃষ্টিতে এটি ছিল পরিচালনগত দক্ষতা বাড়ানোর একটি যৌক্তিক পদক্ষেপ।
তবে গত আগস্টে রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-ঢাকা ফ্লাইট প্রায় ৪০ ঘণ্টা ধরে আটকে থাকার ঘটনায় নতুন ব্যবস্থার ঝুঁকি যথাযথভাবে বিবেচনা করা হয়েছিল কি না, তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে।
একই সঙ্গে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এরপর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
গত ৭ আগস্ট এ ঘটনা ঘটে।
টরন্টো থেকে ঢাকাগামী বিমানের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজটি বিজি৩০৬ ফ্লাইট হিসেবে নির্ধারিত কারিগরি যাত্রাবিরতির জন্য রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় উড়োজাহাজটির কেবিনের বায়ুচাপ নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটি ধরা পড়ে। ফলে উড়োজাহাজটির পক্ষে পরবর্তী গন্তব্যের উদ্দেশে যাত্রা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরে ঢাকা থেকে প্রকৌশলী, খুচরা যন্ত্রাংশ ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতে হয়। এতে ফ্লাইটটির যাত্রা প্রায় ৪০ ঘণ্টা বিলম্বিত হয়।
এ ঘটনায় ২৫৯ জন যাত্রী দুর্ভোগে পড়েন, যাঁদের বড় একটি অংশ ছিলেন বাংলাদেশি নাগরিক। ইতালিতে প্রবেশের অনুমতিসহ পাসপোর্ট বা ভিসা থাকা যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা করা গেলেও ইতালির ট্রানজিট ভিসার শর্তের কারণে অন্য অনেক যাত্রী বিমানবন্দর ছেড়ে যেতে পারেননি।
দীর্ঘ সময় অপেক্ষার মধ্যে যাত্রীদের পর্যাপ্ত বিশ্রাম, খাবার, ওষুধ এবং অন্যান্য জরুরি সহায়তা পেতে উল্লেখযোগ্য ভোগান্তির মুখে পড়তে হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এ ঘটনা এয়ারলাইনসের পরিকল্পনায় প্রায়ই উপেক্ষিত একটি বিষয় সামনে এনেছে। কারিগরি যাত্রাবিরতি কেবল জ্বালানি নেওয়ার জন্য নির্ধারিত কোনো স্থান নয়। সেখানে গুরুতর কারিগরি ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রকৌশলগত সমস্যা সমাধান, যাত্রীদের কল্যাণ নিশ্চিত করা, অভিবাসনসংক্রান্ত জটিলতা মোকাবিলা এবং ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করার মতো একাধিক চ্যালেঞ্জ তৈরি হয়।
এয়ারলাইনসের বিকল্প পরিকল্পনার কার্যকারিতা স্বাভাবিক সময়ে নয়, বরং এ ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতিতেই প্রকৃত অর্থে যাচাই হয়।
রোম হয়ে চলাচলের ফলে নিঃসন্দেহে পরিমাপযোগ্য সুবিধা পাওয়া যাচ্ছে। দীর্ঘপথের একটি ফ্লাইটে প্রায় এক ঘণ্টা সময় সাশ্রয় বাণিজ্যিক ও পরিচালন—উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। তবে গত আগস্টের বিপর্যয় একটি বৃহত্তর প্রশ্ন সামনে এনেছে: স্বাভাবিক সময়ে সাশ্রয় হওয়া এই সময় কি কোনো সংকটের মুখে সম্ভাব্য পরিচালনগত ও আর্থিক ঝুঁকির চেয়ে বেশি মূল্যবান?
উড়োজাহাজ অচল হয়ে পড়ার (এয়ারক্রাফট অন গ্রাউন্ড—এওজি) মতো বড় ঘটনায় ব্যয়ও উল্লেখযোগ্য হতে পারে।
এর মধ্যে রয়েছে উড়োজাহাজ সচল করার ব্যবস্থা, প্রকৌশলী ও খুচরা যন্ত্রাংশ পরিবহন, যাত্রীদের সহায়তা, আবাসনের ব্যবস্থা, বিমানবন্দর ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের খরচ, পরবর্তী ফ্লাইটের সময়সূচিতে বিঘ্ন এবং ক্রু-সংক্রান্ত অতিরিক্ত ব্যয়।
এসব প্রত্যক্ষ খরচের বাইরেও রয়েছে সমান গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়—প্রতিষ্ঠানের সুনাম। শত শত যাত্রীকে নিয়ে দীর্ঘ সময়ের এমন বিলম্ব গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিমানের সেবার ওপর নির্ভরশীল বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির মধ্যে এ ধরনের ঘটনা আস্থার সংকট তৈরি করতে পারে।রোমে কারিগরি সমস্যার মুখে পড়লে তা মোকাবিলায় বিমানের প্রস্তুতি কতটা, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
এভিয়েশন খাতের পর্যবেক্ষকেরা প্রশ্ন তুলেছেন, টরন্টো রুটে নিয়মিত কারিগরি যাত্রাবিরতির স্থান হিসেবে রোমকে বেছে নেওয়ার সময় পর্যাপ্ত প্রকৌশলগত সহায়তা, বিশেষায়িত সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশের প্রাপ্যতা এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল কি না। স্থানীয়ভাবে কারিগরি ত্রুটি শনাক্ত ও সমাধানের সক্ষমতা থাকলে উড়োজাহাজের অচলাবস্থার সময় এবং যাত্রীদের ভোগান্তি—দুটিই উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এ কারণে যে, রোমে বিমানের উড়োজাহাজের বড় ধরনের বিপর্যয়ের ঘটনা এটাই প্রথম নয়।
২০২৫ সালের আগস্টেও একই বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে বিমানের একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজ অচল হয়ে পড়েছিল। তখন উড়োজাহাজটি পুনরায় চালু করতে বাইরে থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ এনে প্রতিস্থাপন করতে হয়েছিল।
যদিও ওই ঘটনা ও ২০২৬ সালের ঘটনার পরিস্থিতি এক ছিল না, তবু একই স্থানে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে—আগের অভিজ্ঞতা থেকে কী শিক্ষা নেওয়া হয়েছিল এবং টরন্টো রুটে রোমকে নিয়মিত কারিগরি যাত্রাবিরতির স্থান করার আগে কী ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল।
এ ঘটনার পুনরাবৃত্তি বিমানের প্রাতিষ্ঠানিকভাবে অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার সক্ষমতা নিয়েও প্রশ্ন সামনে এনেছে। ২০২৫ সালে রোমে উড়োজাহাজ অচল হয়ে পড়ার ঘটনা থেকে বিমান কী শিক্ষা নিয়েছিল এবং রোমকে নিয়মিত কারিগরি যাত্রাবিরতির স্থান করার আগে ঠিক কী পরিবর্তন আনা হয়েছিল?
বোয়িং ৭৮৭ উড়োজাহাজের প্রকৌশলগত সহায়তা, খুচরা যন্ত্রাংশের প্রাপ্যতা, অচল উড়োজাহাজ সচল করার জরুরি ব্যবস্থা এবং যাত্রীদের বিকল্প সহায়তা দেওয়ার পরিকল্পনা কি আগের অভিজ্ঞতার আলোকে জোরদার করা হয়েছিল?যাত্রীদের সেবাযত্নের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কোনো কারণে যাত্রীদের ১২, ২৪ কিংবা ৪৮ ঘণ্টা পর্যন্ত আটকে থাকতে হলে ইতালিতে প্রবেশের অনুমতি নেই—এমন যাত্রীদের জন্য কী ব্যবস্থা রয়েছে?
তাঁদের জন্য কি নির্দিষ্ট কোনো সুযোগ-সুবিধা, আবাসনের ব্যবস্থা কিংবা বিশেষ সহায়তা দেওয়ার পদ্ধতি আছে?
বিশেষ করে বয়স্ক যাত্রী, শিশু এবং যাঁদের চিকিৎসাসেবা প্রয়োজন, তাঁদের পর্যাপ্ত যত্ন নিশ্চিত করার ব্যবস্থা কী? এগুলো বাস্তবসম্মত ও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলোর স্পষ্ট উত্তর থাকা প্রয়োজন।
এখন পর্যন্ত আগস্টের ঘটনার পর রোমে যাত্রাবিরতির ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে বিমানের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এর অর্থ এই নয় যে, এয়ারলাইনসটি অভ্যন্তরীণভাবে ঘটনাটি পর্যালোচনা করেনি।
এয়ারলাইনসগুলো নিয়মিতভাবেই পরিচালনগত বিভিন্ন ঘটনার মূল্যায়ন করে এবং জনসমক্ষে বিস্তারিত না জানিয়েও সংশোধনমূলক পদক্ষেপ নেয়। তা সত্ত্বেও, এ ঘটনা পরিচালনগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা নিশ্চিত করার গুরুত্ব সামনে এনেছে।
এখানে মূল প্রশ্ন রোম বিমানবন্দর কতটা সক্ষম, তা নয়। ইউরোপের অন্যতম প্রধান বিমান চলাচলকেন্দ্র রোমের ফিউমিচিনো বিমানবন্দরে বিস্তৃত অবকাঠামো ও কারিগরি সুযোগ-সুবিধা রয়েছে।
প্রকৃত প্রশ্ন হলো, দীর্ঘপাল্লার আন্তমহাদেশীয় ফ্লাইট পরিচালনা এবং অপ্রত্যাশিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সংকট মোকাবিলার জন্য রোমে বিমানের নিজস্ব সহায়তা ও ব্যবস্থাপনা কাঠামো যথেষ্ট শক্তিশালী কি না।
আগস্টের ঘটনা থেকে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই যে রোমকে যাত্রাবিরতির স্থান হিসেবে বেছে নেওয়া ভুল ছিল। একইভাবে, এ ঘটনা থেকে বিমানের সিদ্ধান্তটি অনিরাপদ ছিল—এমন সিদ্ধান্তেও পৌঁছানো যায় না।
তবে এটি স্বাভাবিক পরিস্থিতিতে পরিচালনগত দক্ষতা এবং অস্বাভাবিক পরিস্থিতিতে সংকট মোকাবিলার সক্ষমতার মধ্যকার পার্থক্য স্পষ্ট করেছে।
শেষ পর্যন্ত রোম রুটের সাফল্য নির্ধারিত হবে সবকিছু পরিকল্পনামাফিক চললে কত মিনিট সময় সাশ্রয় হলো, তা দিয়ে নয়; বরং পরিকল্পনায় ব্যত্যয় ঘটলে বিমান কতটা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পারে, তার ভিত্তিতে।










