নূরুন্নাহার চৌধুরী নতুন বিমান সচিব


ঢাকাঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. নূরুন্নাহার চৌধুরী।
তাকে এই নিয়োগ দিয়ে বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ড. নূরুন্নাহার চৌধুরী এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সেখান থেকে পদোন্নতি পেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণেও অংশ নিয়েছেন এই কর্মকর্তা।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত ফাহমিদা আখতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।










