ঢাবিতে শুরু হচ্ছে ২ দিনের ভিওবি জব ফেয়ার


ঢাকাঃ শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২ দিনব্যাপী ‘ভিওবি জব ফেয়ার ২০২৬’ আয়োজন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের পৃষ্ঠপোষকতায় এবং পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে এ মেলার আয়োজক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ম্যাগাজিন প্রকাশনা সংগঠন ভয়েস অব বিজনেস (ভিওবি)। সহযোগী হিসেবে থাকছে নিউজিল্যান্ড ডেইরি।
আগামী ১৬ ও ১৭ আগস্ট ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে এ জব ফেয়ার অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।
আয়োজকরা জানিয়েছে, মেলায় ব্যাংকিং, ফাইন্যান্স, এফএমসিজি, ফার্মাসিউটিক্যালস, প্রযুক্তি, উৎপাদন ও সেবা খাতের ১৫টির বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেবে।
উদ্বোধনী দিনে নিয়োগের বর্তমান প্রবণতা ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে এইচআর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য থাকবে মক অ্যাপটিটিউড টেস্ট ও এফজিডি (ফোকাস গ্রুপ ডিসকাশন) সেশন।
দ্বিতীয় দিন স্পন্সরদের বিশেষ সেশন ও মক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। মক অ্যাপটিটিউড টেস্ট, এফজিডি ও মক ইন্টারভিউতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা অফিশিয়াল রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে সিভি জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন।










