আইসিসিবিতে উদ্বোধন হলো ৩ দিনের আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’


ঢাকাঃ দেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর হল নম্বর-৪ এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে কসমেটিকস শিল্পের বিভিন্ন শীর্ষ কোম্পানির কর্মকর্তা ও শিল্পসংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর আইসিসিবিতে কসমেটিকা ঢাকার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।
আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে। । এবারের কসমেটিকা ঢাকায় বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশগ্রহণ করছে।
বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পকে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, প্রযুক্তি, জ্ঞান, বিনিয়োগ ও নতুন বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক এ প্রদর্শনীর সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান গ্রুপ।
আয়োজকরা জানিয়েছেন, কসমেটিকা ঢাকা ২০২৬ শুধু পণ্য প্রদর্শনের আয়োজন নয়; এটি বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পের জন্য আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, জ্ঞান বিনিময়, প্রযুক্তি পরিচিতি ও শিল্পসংযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রদর্শনীর পাশাপাশি বিশেষজ্ঞ উপস্থাপনা, প্রশিক্ষণ সেশন, শিল্পভিত্তিক আলোচনা এবং বিভিন্ন জ্ঞানভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
৩ দিনের এ আন্তর্জাতিক প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। এতে প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশমূল্যের প্রয়োজন হবে না। অনলাইনে নিবন্ধনের পাশাপাশি প্রদর্শনীর ভেন্যুতেও সরাসরি নিবন্ধনের সুযোগ থাকছে।
শিল্পসংশ্লিষ্টদের পাশাপাশি চিত্রাঙ্গনের মডেল ও তারকা, সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের এ আন্তর্জাতিক আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।










