পর্যটন নগরীর ৭৭ শতাংশ হোটেল-রেস্তোরাঁ অগ্নিঝুঁকিতে: ফায়ার সার্ভিস


কক্সবাজার : পর্যটন নগরীর হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁয় অগ্নিনিরাপত্তার ঘাটতি চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সম্প্রতি টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর ৫১২টি প্রতিষ্ঠান পরিদর্শন করে ৩৯৭টিকে বিভিন্ন মাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ পরিদর্শিত প্রতিষ্ঠানের প্রায় ৭৭ শতাংশই অগ্নিঝুঁকিতে রয়েছে।
পরিদর্শনে ৯৭টি প্রতিষ্ঠানকে অতিঝুঁকিপূর্ণ এবং ৩০০টিকে স্বাভাবিক ঝুঁকির মধ্যে চিহ্নিত করা হয়েছে। বাকি ১১৫টি প্রতিষ্ঠানকে চলতি মানের হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানেও নিয়মিত অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ, মহড়া ও নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ রাখা প্রয়োজন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
সোমবার (২৩ নভেম্বর) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান তিনি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, কক্সবাজারে প্রায় ৬০০টি হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে। এর মধ্যে ৫১২টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। পরিদর্শিত প্রতিষ্ঠানের মধ্যে ৩৮৪টি হোটেল এবং ১২৮টি রেস্তোরাঁ।
তিনি আরও জানান, অগ্নিনিরাপত্তা ও নিয়মনীতি পরিপালনের ক্ষেত্রেও উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে। ১০৭টি প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স নবায়ন করা হয়েছে। তবে এর মধ্যে মাত্র ১৭টির নির্দিষ্ট ফায়ার সেফটি প্ল্যান রয়েছে। ৯২টি প্রতিষ্ঠানের লাইসেন্স প্রক্রিয়াধীন, ২৮৮টির কোনো ফায়ার লাইসেন্স নেই এবং ২৫টি প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন করেনি।
ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ বলেন, ২০০৩ সালের অগ্নিনিরাপত্তা আইন অনুযায়ী নিয়মনীতি পরিপালন না করা প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করতে বলা হয়েছে।
ব্যবসায়ীদের বিনিয়োগ ও জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে নোটিশ দেওয়ার সুযোগ রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্দেশনা অমান্য করলে জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।
সেমিনারে পর্যটনকেন্দ্র সেন্টমার্টিনের অগ্নিনিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। দ্বীপটিতে বর্তমানে কোনো ফায়ার স্টেশন নেই। ফলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হতে পারে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, সেন্টমার্টিনে ফায়ার স্টেশন স্থাপনের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও সরকারের কাছে জমি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। জমি পাওয়া গেলে আধুনিক সরঞ্জামসহ সেখানে নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে।
- জাফর আলম










