সৈকতে পর্যটকদের নতুন বন্ধু ‘বিচ লাইব্রেরি'

বঙ্গোপসাগরের পাশঘেঁষা চট্টগ্রামের বাঁশখালী সমুদ্রসৈকতে গড়ে তোলা ‘বিচ লাইব্রেরি’ ঘিরে আগ্রহ বাড়ছে পাঠকদের। সৈকতের কদম রসুল পয়েন্টে গত ৪ মে ‘বইবন্ধু বিচ লাইব্রেরি’ নামে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়। সমুদ্রসৈকতে ঘুরতে আসা পর্যটকদের নজর কেড়েছে এটি। পর্যটকদের পাশাপাশি স্থানীয়রা অবসর সময় কাটাতে সাগর পাড়ে বসে বই পড়ছেন।
বিচ লাইব্রেরিতে রয়েছে গল্প, কবিতা, ভ্রমণ কাহিনি ও গোয়েন্দা কাহিনিসহ দুই শতাধিক বই। বই নিয়ে এমন ভিন্নধর্মী আয়োজন করেছে বইপ্রেমীদের সংগঠন ‘বইবন্ধু’। বিচ লাইব্রেরির উদ্বোধন করেন বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের সমাজসেবক এনামুল হক চৌধুরী। লাইব্রেরি স্থাপনে সার্বিক সহযোগিতা করেছেন লেখক সিরাজুল ইসলাম।
আয়োজকরা জানিয়েছেন, বই পড়ে ভ্রমণের ক্লান্তি কাটাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকরা বই পড়ে অবসর সময় কাটাতে পারছেন। বিশ্বের সাতটি দেশে বিচ লাইব্রেরি রয়েছে। দুবাই ও থাইল্যান্ডসহ পর্যটননির্ভর দেশের সৈকতের পাশে এমন লাইব্রেরি দেখা যায়।
-B










