বাংলাদেশে প্রবেশে আর লাগবে না 'হেলথ ডিক্লারেশন'

বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে অনলাইনে ‘হেলথ ডিক্লারেশন ফরম’ পূরণের নিয়ম বাতিল করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১ নভেম্বর ) থেকে এ বিধান জারি করে সার্কুলার দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে অন্যান্য শর্ত আগের মতো বহাল থাকবে।
বেবিচক সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) এয়ার কমডোর শাহ কাওছার আহমদ চৌধুরীর সই করা সার্কুলারটি গত ৩০ অক্টোবর জারি করা হয়। করোনা মহামারীর কারণে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণের বাধ্যবাধকতা জারি করা হয়েছিল।
সার্কুলারে বলা হয় , স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পরিপ্রেক্ষিত হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করার নিয়ম বাতিলের বিধান জারি করে সার্কুলার দেওয়া হয়েছে। তবে করোনার টিকা গ্রহণ সংক্রান্ত অন্যান্য শর্তগুলো আগের মতো বহাল থাকবে।
পূর্বের শর্তের মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোনো টিকার পূর্ণ ডোজ যারা নিয়েছেন, বাংলাদেশ আসতে তাদের করোনা পরীক্ষা করাতে হবে না। যাত্রীদের টিকা গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে। যেসব যাত্রী এক ডোজ কিংবা কোনো টিকা নেননি, তাদের বাংলাদেশ আসতে হলে ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
-B










