পুরনো দোহা বিমানবন্দর জনসাধারণের জন্য খুলে দিচ্ছে কাতার
বিশ্বকাপকে সফল করতে চেষ্টার কমতি নেই কাতারের। কোটি ফুটবল প্রেমীর মিলনমেলা রাঙ্গিয়ে রাখতে ব্যতিক্রমী সব পথ চেঁছে নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি।
গ্রেটেস্ট শো অন আর্থে কয়েক লাখ সমর্থকের যাতায়াত সহজ করতে এরই মধ্যে মেট্রো, বিশেষ বাস সার্ভিস চালু করছে কাতার। নির্মাণ করেছে নতুন বিমানবন্দরও।
এবার সেই তালিকায় যোগ হচ্ছে দোহার পুরাতন বিমানবন্দর। বিশ্বকাপকে সামনে রেখে জনসাধারণের জন্য পুনরায় তা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ২০১৪ সালে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রা শুরু করলে দোহা বিমানবন্দরটি আধা-অবসরে চলে যায়। এতোদিন যা শুধু ব্যবহার করতে পারতেন দেশটির রাজ পরিবার বিমানবাহিনী ও ভিআইপিরা।
১৫ সেপ্টেম্বর থেকে দোহার পুরনো বিমানবন্দর থেকে ফের উড়বে বাণিজ্যিক বিমান। এরই মধ্যে তার টিকিটও বিক্রি শুরু করে দিয়েছে জাজিরা এয়ারওয়েজ, ফ্লাই দুবাই, সালাম এয়ার ও পেগাসাস এয়ারলাইন্সের মতো সংস্থাগুলো।
চলতি বছরের ২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। যেখানে ১ মিলিয়নেরও অধিক দর্শক দেশটিতে আসবে বলে ধারণা করছে ফিফা। বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের জন্য কোথায় কোনো ঘাটতি রাখতে চায় না আয়োজক দেশটি।
বিশ্বকাপ চলাকালে প্রতিদিন দেশটিতে গড়ে প্রায় ১ লাখ ৫০ হাজার যাত্রীর আগমন ঘটবে বলে ধারণা করছে কাতার। এরইমধ্যে বিমানবন্দরে চাপ বেড়েছে ১৮ শতাংশ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী গত জুন মাসেই দেশটির হামাদ বিমানবন্দর তিন মিলিয়ন যাত্রী পরিবহন করেছে।
-B










