সেন্ট মার্টিন ভ্রমণ ⬩ জাহাজভাড়া পুনর্নির্ধারণের পরিকল্পনা


কক্সবাজার : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ থাকলেও চড়া জাহাজ ভাড়া, দীর্ঘ সমুদ্রযাত্রা ও টিকিট কেনার ভোগান্তিতে প্রত্যাশিত পর্যটক পাচ্ছে না দ্বীপটি।
চলতি মৌসুমে সর্বনিম্ন রাউন্ড ট্রিপ টিকিটের দাম গত বছরের তুলনায় ৭০০ টাকা বেড়ে ৪ হাজার ২০০ টাকায় দাঁড়িয়েছে। এর সঙ্গে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে যাতায়াত ও দ্বীপে অবস্থানের খরচ যুক্ত হয়ে ব্যয় আরো বাড়ছে। ফলে দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক প্রবেশের অনুমতি থাকলেও যাচ্ছেন খুবই কম ভ্রমণপিপাসু।
এ পরিস্থিতিতে জাহাজের ভাড়া পুনর্নির্ধারণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে তদারকি এবং অভিন্ন ভাড়া কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এ বিষয়ে সংস্থাটির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, সেন্ট মার্টিনের রুট পারমিট পাওয়া ও আবেদন করা নয়টি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ৪ হাজার ৬০৪ জন। এর বিপরীতে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক পরিবহনের প্রস্তাব করা হয়েছে।
তবে মৌসুমের শুরুতে চলাচল করা ৩টি জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন হলেও প্রতিদিন গড়ে ৫০০ থেকে ১ হাজারের কিছু বেশি পর্যটক পরিবহন করা হচ্ছে। ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব জাহাজের যাত্রা ঘোষণাপত্র অনুযায়ী ৫ হাজার ৩৬১ জন পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন। তাদের মধ্যে ৭২ জন বিদেশী।
জানা গেছে, জাহাজের সর্বনিম্ন রাউন্ড ট্রিপ ভাড়া গত মৌসুমে সাড়ে ৩ হাজার টাকা থাকলেও এবার তা বাড়িয়ে ৪ হাজার ২০০ টাকা করা হয়েছে।
অর্থাৎ এক মৌসুমের ব্যবধানে ভাড়া বেড়েছে ২০ শতাংশ। পর্যটকদের অভিযোগ, জাহাজ ভাড়া, ঘাটে যাতায়াত ও অন্যান্য ব্যয় মিলিয়ে পরিবার নিয়ে সেন্ট মার্টিন ভ্রমণ মধ্যবিত্ত ও শিক্ষার্থীদের নাগালের বাইরে চলে যাচ্ছে।
যদিও ঘোষিত ভাড়াকে অযৌক্তিক মনে করেন না সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তিনি বলেন, ‘কয়েক মাসের পর্যটন মৌসুমের জন্য জাহাজগুলোকে সারা বছর পরিচালন ব্যয় বহন করতে হয়। তবে সাধারণ পর্যটকদের সুবিধার জন্য ডেক ও ইকোনমি শ্রেণীর ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হলে জাহাজ মালিকদের আপত্তি থাকবে না।’
সভায় জাহাজ মালিকরা সাধারণ শ্রেণীর একমুখী টিকিটের ভাড়া ২ হাজার ১০০ টাকা প্রস্তাব করেন। তাদের হিসাবে, এর মধ্যে ভ্যাট, এজেন্ট কমিশন, পরিবেশ ফি, বিভিন্ন সরকারি ফি এবং পরিচালন ব্যয় বাবদ ১ হাজার ৩২৭ টাকা খরচ হয়। বাকি ৭৭৩ টাকা মুনাফা হিসেবে ধরা হয়েছে।
অন্যদিকে, বিআইডব্লিউটিএর সভায় ইকোনমি ও ওপেন ডেকের ভাড়া ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা এবং বিজনেস ও লাউঞ্জ শ্রেণীর ভাড়া ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
বিলাসবহুল কেবিনের ভাড়া জাহাজ মালিকদের ওপর ছেড়ে দেয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ভাড়া পুনর্নির্ধারণের পাশাপাশি জাহাজভিত্তিক যাত্রী বরাদ্দ, ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন, টিকিটে ভাড়া ও ফি পৃথকভাবে উল্লেখ এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে তদারকিরও পরিকল্পনা রয়েছে বিআইডব্লিউটিএর।
জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ ভাড়ার সীমা নির্ধারণে থাইল্যান্ডের মডেলও বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিআইডব্লিউটিএর কক্সবাজার কার্যালয়ের বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় এবার জাহাজের নৌ-সংক্রান্ত সনদ ও অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। ভাড়া নিয়ে পর্যটকদের আপত্তি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত সংগ্রহ করা হয়েছে। পর্যটক ও বিনিয়োগকারী উভয়ের স্বার্থ বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য ভাড়া কাঠামো তৈরির কাজ চলছে আমাদের।’
- জাফর আলম










