নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত


চট্টগ্রাম : জেলার পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
পতেঙ্গায় আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তোলা হবে। অন্যদিকে খেজুরতলার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে এলাকাটিকে সবুজ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের পাশাপাশি পর্যটন থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।
রবিবার (৮ নভেম্বর) খেজুরতলা সমুদ্রসৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নান্দনিক চট্টগ্রাম গড়ার কার্যক্রমে এসব পরিকল্পনার কথা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম বলেন, খেজুরতলা সমুদ্রসৈকতের আড়াই কিলোমিটার এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত—দুটিই উপভোগ করা যায়। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকাটিকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, তৈরি পোশাকশিল্প, কৃষি ও প্রবাসী আয়ের পাশাপাশি পর্যটন দেশের অর্থনীতির চতুর্থ বৃহৎ শক্তি হয়ে উঠতে পারে। এ জন্য আন্তর্জাতিক মানের বিশেষায়িত পর্যটনকেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকায়নের পাশাপাশি পুরো জেলাকে পরিচ্ছন্নতার একটি অনুকরণীয় মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
খেজুরতলার পর্যটন সম্ভাবনা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ‘আমরা এই সৈকতকে নতুনভাবে বিশ্বের কাছে পরিচিত করতে চাই। এখানকার নির্মল বাতাস, সবুজ পরিবেশ এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করবে।’
চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বদরবারে তুলে ধরতে এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।










