বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি, জবাবদিহির নির্দেশ


ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১১টি ঝুলে থাকা অডিট আপত্তিতে জড়িত প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা।
উড়োজাহাজ কেনা, পরিচালনা, রাজস্ব আদায়, প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম এবং লোকসানি রুট পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের তথ্য ওঠে এসেছে অডিটে।
এসব অনিয়মে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, অনাদায়ি অর্থ উদ্ধার এবং অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
পুরোনো উড়োজাহাজ কিনে অর্থের অপচয়: বৈঠকে বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকা সত্ত্বেও লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়ার বিষয়টি আলোচনায় আসে।
পরবর্তী সময়ে উড়োজাহাজ পরিচালনাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের বিষয়টিও উঠে আসে। এ ক্রয় ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি। একই সঙ্গে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সফটওয়্যারের দুর্বলতায় রাজস্ব ক্ষতি: ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য উঠে এসেছে অডিটে। অডিটের তথ্যানুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ নেওয়া হলেও তা বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি। এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত অডিটরদের সরবরাহ করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
যাচাই ছাড়াই রুট চালিয়ে লোকসান: যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার ফলে আর্থিক ক্ষতির বিষয়টিও অডিটে উঠে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত-সংক্রান্ত নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।
প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে চুক্তি অনুযায়ী কার্যাদেশের সম্পূর্ণ সেবা সরবরাহ না করলেও পুরো অর্থ পরিশোধের বিষয়টি পর্যালোচনা করে কমিটি। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
লিজ নেওয়া দুটি উড়োজাহাজের বিপরীতে ব্যয়-সংক্রান্ত চুক্তি ও বিলের নথিপত্র নিরীক্ষকদের কাছে উপস্থাপন করতে না পারার বিষয়টিও বৈঠকে আলোচিত হয়। এ-সংক্রান্ত সব নথিপত্র আগামী ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে উপস্থাপনের নির্দেশ দিয়েছে কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র জমা দেওয়ার অঙ্গীকার করেছে বিমান কর্তৃপক্ষ।
কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখানোর অভিযোগ: কভিডকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ-সংক্রান্ত অডিট আপত্তিও পর্যালোচনা করা হয়। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত এক মাসের মধ্যে সম্পন্ন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে অনিয়মে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১১১ অডিট আপত্তিতে ৭৫৩ কোটি টাকা: বৈঠকে ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার তথ্য তুলে ধরা হয়। অডিটের নির্দেশিত ৪৫টি অর্থ আদায়-সংক্রান্ত আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষ আটটি আপত্তির বিপরীতে অর্থ আদায়ের দাবি করলেও এর স্বপক্ষে বৈধ ব্যাংক স্টেটমেন্ট উপস্থাপন করতে পারেনি। ফলে অডিট বিভাগ ওই দাবি গ্রহণ করেনি। অনাদায়ি অর্থের বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে।
এসব আপত্তি নিষ্পত্তি, অনাদায়ি অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনাসহ এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদায়ি রাজস্ব উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিমানকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন।
এ ছাড়া মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










