এডেন বিমানবন্দর খালি করার নির্দেশ হুতিদের


ঢাকাঃ ইয়েমেনের এডেন বিমানবন্দর খালি করার নির্দেশ দিয়েছে হুতি বিদ্রোহীরা। বিমানবন্দরটিতে সামরিক সরঞ্জামবাহী একটি কার্গো বিমান অবতরণ করেছে দাবি করে, সেটিকে লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়েছে তারা।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, এডেন বিমানবন্দরে যারা উপস্থিত আছেন, তাদের এ মুহূর্তে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী।
এর কারণ হিসেবে সেখানে সৌদি শত্রুদের একটি সামরিক কার্গো জেটের উপস্থিতি রয়েছে। এই জেট দিয়ে ইয়েমেনের সন্তানদের হত্যা করার জন্য অস্ত্র সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীর এই স্থান ত্যাগের আহ্বানের মাঝেই দক্ষিণ ইয়েমেনের সৌদি নিয়ন্ত্রিত এবং তাদের অনুগত সশস্ত্র বাহিনীর অধীনস্থ শহর এডেনে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, এডেন বিমানবন্দরে সরাসরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
উল্লেখ্য, এই ঘটনার কয়েক দিন আগেই এডেন নিরাপত্তা বিভাগ জানিয়েছিল যে বিমানবন্দরে দুইটি ক্ষেপণাস্ত্র এসে পড়েছিল, যা ছিল এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে উক্ত স্থাপনায় দ্বিতীয় হামলার ঘটনা।










