সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার


সিলেটঃ যাত্রীদের চাহিদা ও সাড়া বিবেচনায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক বাজেট এয়ারলাইন সালামএয়ার।
আগের তুলনায় সপ্তাহে ২টি ফ্লাইট বাড়িয়ে বুধবার (২৮ অক্টোবর) থেকে সপ্তাহে ৫দিন নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে সংস্থাটি।
নতুন সূচি অনুযায়ী, এখন থেকে প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার সিলেট-মাস্কাট-সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করবে সালামএয়ার। এর আগে গত ১ সেপ্টেম্বর সপ্তাহে ৩টি ফ্লাইট দিয়ে এ রুটে কার্যক্রম শুরু করেছিল এয়ারলাইনটি।
সালামএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেটের যাত্রীদের কাছ থেকে পাওয়া সাড়া, আস্থা ও সহযোগিতার কারণে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত ২টি ফ্লাইট চালুর ফলে সিলেট থেকে ওমান যাতায়াতের সুযোগ আরও বাড়বে। বিশেষ করে ওমানে কর্মরত প্রবাসী, তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রয়োজনে মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী যাত্রীরা এতে উপকৃত হতে পারেন।
এ ছাড়া মাস্কাটকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রেও নতুন সূচি যাত্রীদের জন্য সুবিধা তৈরি করতে পারে বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
সালামএয়ারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সিলেটের যাত্রীদের কাছ থেকে সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে ভবিষ্যতে সপ্তাহের ৭ দিনই সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে তাদের।
সপ্তাহে ৩টি ফ্লাইট দিয়ে যাত্রা শুরুর প্রায় ২ মাসের মধ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তকে সিলেট রুটে এয়ারলাইনটির কার্যক্রম সম্প্রসারণের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে সপ্তাহের ৭ দিন ফ্লাইট চালুর বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি।










