আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে কিং খালিদ বিমানবন্দর


ঢাকাঃ সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দরের স্থাপনার নিরাপত্তা ও পুনরায় কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করতে এ সময়সীমা বাড়িয়েছে দেশটির বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ।
এদিকে, পরিস্থিতির কারণে একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে।
যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
হুথি সামরিক মুখপাত্র সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা না করতে আন্তর্জাতিক এয়ারলাইনস ও যাত্রীদের সতর্ক করেছেন। তার ভাষ্য, মক্কা ও মদিনা ছাড়া দেশটির অন্য বিমানবন্দরগুলো অনিরাপদ।
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় উড়োজাহাজ সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত রিয়াদে যাওয়া-আসার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইটও স্থগিত করেছে সংস্থাটি।
বাহরাইনের উড়োজাহাজ সংস্থা গালফ এয়ারও শনিবার পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনস ২৩ অক্টোবর আটলান্টা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে।










