হিলি স্থলবন্দরে আধুনিক স্ক্যানার স্থাপন করা হবে


দিনাজপুর - উভয় দেশের যাত্রীদের সুবিধার্থে জেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী ছাউনি নির্মাণ, হেলথ স্ক্রিনিং সেন্টার স্থাপন এবং যাত্রীদের লাগেজ তল্লাশির জন্য আধুনিক স্ক্যানার বসানো হবে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত দিনাজপুর, হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন ও বৈঠক শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে এ তিনি একথা জানান।
তিনি বলেন, জিরো পয়েন্টের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে দুই দেশের সম্মতির প্রয়োজন হয়। এ কারণে বিকল্প স্থানে এসব স্থাপনা নির্মাণের সুযোগ এবং প্রয়োজনীয় জায়গার স্থান সংকুলান কি ভাবে করা যায়, তা সরেজমিনে দেখতে হিলি স্থলবন্দর পরিদর্শন করা হলো ।
এর আগে, তিনি হিলি স্থলবন্দরে পৌঁছালে বন্দর চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স ও প্রতিষ্ঠানটির উপদেষ্টা মো. আলমগীর হোসেন। পরে তিনি হিলি স্থল বন্দরে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় বন্দরের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন। এরপর স্থলবন্দরে জিরো পয়েন্ট সংলগ্ন ইমিগ্রেশন চেক পোস্ট পরিদর্শন করেন।
লাগেজ তল্লাশিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান বলেন, ইমিগ্রেশন ও কাস্টমস এলাকায় লাগেজ স্ক্রিনিংয়ের জন্য স্ক্যানার মেশিন স্থাপনের প্রস্তাব রয়েছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে হিলি স্থলবন্দরসহ দেশের প্রতিটি স্থলবন্দরে লাগেজ স্ক্যানার স্থাপন করা হবে ।
মানজারুল মান্নান বলেন, স্থলবন্দরে অবকাঠামো উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। হিলি স্থলবন্দরের অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়ন কাজ চলমান দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এখন দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক যোগাযোগ ও চাহিদার উপর পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম নির্ভর করছে। উভয় দেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।
হিলি স্থলবন্দরে অবস্থিত বর্তমান অবকাঠামোগুলো পরিদর্শন শেষে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বৈঠক করেন।
বৈঠকে তিনি বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা, পানামা পোর্ট লিমিটেড সমস্যা এবং আমদানি কারক এবং সিএন্ডএফ এসোসিয়েশনের অভিযোগগুলো শ্রবণ করেন। তিনি বিধি অনুযায়ী সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন বলে অবহিত করেন।










