অক্টোবরে আংশিক উদ্বোধন - তৃতীয় টার্মিনাল নির্মাণ শেষ পর্যায়ে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অতি দ্রুততম সময়ে প্রকল্পের কাজ শেষ করা হচ্ছে। আগামী অক্টোবরে টার্মিনালের আংশিক উদ্বোধন করা হবে। সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানালেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক, বুয়েট এর প্রফেসর শামসুল হক সহ অন্যরা।
বেবিচক চেয়ারম্যান এসময় বলেন, আশা করছি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে সফট ওপেনিং করা হবে। এর আগেই প্রকল্পের ৯০ শতাংশ কাজ সম্পন্ন করতে চাই। প্রকল্প এলাকায় দিন রাত কাজ চলছে। আশা করি সময়ের আগে কাজ শেষ হবে। এখন পর্যন্ত প্রকল্পের ৭৭ দশমিক ৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, অক্টোবরে উদ্বোধন হলেও টার্মিনালটি পুরোপুরি ফাংশনাল হবে আগামী ২০২৪ সালে।

ছবি - ওহিদুজ্জামান টিটু
এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আপনারা জানেন ঈদের ছুটি শুরু হয়েছে। কিন্তু আমাদের এখানে ৩-৪ হাজার শ্রমিক ছুটিতেও কাজ করে যাবেন। তারা শুধুমাত্র ঈদের দিন কাজ করবেন না, এরপরের দিন থেকে তারা আবার কাজ শুরু করবেন।
২০১৭ সালের ২৪ অক্টোবর শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটির অনুমোদন দেয় একনেক। নির্মাণ কাজে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। বৃহৎ এই থার্ড টার্মিনাল প্রকল্পটির ব্যয় প্রথমে ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে অবশ্য প্রকল্প ব্যয় ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়ানো হয়েছে।

ছবি - ওহিদুজ্জামান টিটু
পাঁচ লাখ ৪২ হাজার বর্গমিটারের এ টার্মিনালে একসঙ্গে ৩৭টি প্লেন রাখার অ্যাপ্রোন (প্লেন পার্ক করার জায়গা) করা হয়েছে। তবে এ টার্মিনালের সবচেয়ে দৃষ্টিনন্দন হবে মডার্ন টার্মিনাল বিল্ডিং। দুই লাখ ৩০ হাজার স্কয়ার মিটারের বিল্ডিংয়ের ভেতরে থাকবে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া।
তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ করছে স্যামসাং গ্রুপের কনস্ট্রাকশন ইউনিট স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং (সিঅ্যান্ডটি) করপোরেশন। যারা প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি ও সম্ভাবনা উন্মোচনের মাধ্যমে নির্মাণে আধুনিকতা নিয়ে এসেছে। টার্মিনালের ভেতরের ভবনটির নকশা তৈরি করেছেন সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর নকশা করা বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন।
-B










