প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি আরব


ঢাকাঃ উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ চালু করেছে সৌদি আরব।
এখন থেকে কর্মভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই দক্ষ বিদেশি কর্মীরা তাদের পরিবারের সদস্যদের সৌদি আরবে নিয়ে আসতে পারবেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো দেশটিতে বসবাসরত বিদেশিদের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করা।
নতুন ব্যবস্থার আওতায় উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীরা তাদের স্ত্রী বা স্বামী, ২৫ বছরের কম বয়সি ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে নিয়ে আসতে পারবেন।
এ ক্ষেত্রে উচ্চ দক্ষতার বিদেশি কর্মীর কর্মসংস্থান ভিসার আবেদন প্রক্রিয়া চলার সময়ই তার পরিবারের সদস্যদের প্রবেশ ভিসা দেওয়া যাবে। তবে সংশ্লিষ্ট সব আবেদনসংক্রান্ত শর্ত ও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
এর ফলে যোগ্য বিদেশি কর্মীদের নিজেদের কর্মভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পরিবারের সদস্যদের জন্য ভিসার আবেদন শুরু করার প্রয়োজন হবে না। অর্থাৎ, কর্মভিসা প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই তারা পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করতে পারবেন।
মন্ত্রণালয় আরো জানায়, পরিবারের সদস্যরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী তাদের বসবাসের অনুমতিপত্র (রেসিডেন্স পারমিট) বা ইকামা ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।










