৫১ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
আজ প্রতিষ্ঠার ৫১ বছরে পা দিলো রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১৯৭২ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল এয়ারলাইন্সটি। মাত্র একটি উড়োজাহাজ নিয়ে শুরু করা বিমানের বহরে বর্তমানে ২১টি এয়ারক্রাফট রয়েছে। দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও ইউরোপেও পাড়ি জমিয়েছে তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ১৯৭২ সালে মাত্র একটি ডিসি-৩ উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করা বিমান বহর এখন ২১টি উড়োজাহাজ দিয়ে সমৃদ্ধ হয়েছে। লন্ডন, ম্যানচেস্টার, দুবাই, আবুধাবি, মাস্কাট, কুয়েত, জেদ্দা, মদিনা, দাম্মাম, রিয়াদ, দোহা, কাঠমান্ডু, ব্যাংকক, দিল্লি, কলকাতা, সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনা করছে। করোনার ধকল কাটিয়ে ভবিষ্যতে জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা ছাড়াও ইউরোপের বেশ কয়েকটি দেশে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে তাদের।
বাংলাদেশ বিমান সূত্রে জানা যায়, ১৯৭২ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এয়ারলাইন্সটির পথচলা শুরু হয়। এই দীর্ঘ যাত্রাপথে অসংখ্য মানুষের সান্নিধ্যে ও ভালোবাসায় সিক্ত হয়েছে বিমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা এবং বিমানের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে একটি ডিসি-৩ উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এখন ২১টি উড়োজাহাজ রয়েছে।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (৩ জানুয়ারী) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম।
তিনি বলেন, বর্তমানে ২০টি আন্তর্জাতিক রুটে যাচ্ছে বিমান। প্রবাসীদের টার্গেট করে আমরা আমাদের মার্কেট এক্সপানশনের চেষ্টা করছি। সামনের দিনগুলোতে নেটওয়ার্ক বিস্তৃত করতে আমরা কাজ করছি। আমাদের পরিকল্পনা আছে।
শফিউল আজিম বলেন, আমাদের ভিশন বিমান এশিয়ার সেরা ১০ এয়ারলাইন্সের মধ্যে জায়গা করবে। এরপরের টার্গেট সেরা তিনে জায়গা করা। আমাদের বহর বাড়ছে, যেখানে দরকার সেখানে দক্ষ পাইলট নিয়োগ, কেবিন ক্রু-দের দক্ষতা বৃদ্ধির জন্য সব সিদ্ধান্ত আমরা নিয়ে নিচ্ছি।
-Biplob










