ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করলো বিমান


ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নামে অননুমোদিত গুগল ফরম তৈরি করে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে।
বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর এ ধরনের ফরমে ব্যক্তিগত তথ্য প্রদান ও আর্থিক লেনদেনের বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
শনিবার (৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সতর্কবার্তায় জানানো হয়, সম্প্রতি বিমানের নাম ব্যবহার করে একটি অননুমোদিত গুগোল ফরমের মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে ওই ফরম কিংবা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোনো সম্পৃক্ততা নেই।
এমনকি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ধরনের কোনো ফরম চালু বা অনুমোদনও দেওয়া হয়নি।
বিমান কর্তৃপক্ষ জানায়, সংস্থাটির নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। পাশাপাশি নিয়োগের আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনার জন্য টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা ব্যবহার করা হয়। এসব বিজ্ঞপ্তি ও নিয়োগসংক্রান্ত তথ্য বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়ে থাকে।
এ অবস্থায় বিমানের নাম ব্যবহার করে প্রচারিত কোনো অপরিচিত লিংক বা অননুমোদিত গুগোল ফরমে ব্যক্তিগত, আর্থিক কিংবা সংবেদনশীল তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ধরনের কোনো মাধ্যমে অর্থ লেনদেন থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
নিয়োগের নামে প্রতারণা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে জাতীয় দৈনিক পত্রিকা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অনুমোদিত ওয়েবসাইট এবং টেলিটকের নির্ধারিত নিয়োগ পোর্টাল থেকে তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
জনস্বার্থে প্রকাশিত সতর্কবার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্যের সত্যতা যাচাই না করে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য বা অর্থ প্রদান করা উচিত নয়।










