রাজধানীতে এশিয়ান পর্যটন মেলা শুরু আগামীকাল


ঢাকাঃ দেশ ও বিদেশ ভ্রমণের নানা সুযোগ-সুবিধা ও অফার নিয়ে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী এশিয়ান পর্যটন মেলা (এটিএফ)।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)এ মেলা শুরু হবে, চলবে শনিবার (১৯ সেপ্টেম্বর)পর্যন্ত।
মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের দুইশ'র বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস ও সরকারি-বেসরকারি পর্যটন সংস্থার পাশাপাশি বেশ কয়েকটি দেশের দূতাবাস ও মিশন এতে অংশ নেবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের জন্য মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। প্রবেশ কুপনের বিপরীতে র্যাফল ড্রতে বিজয়ী দর্শনার্থীদের জন্য থাকবে সৌজন্য এয়ার টিকিট, দেশ-বিদেশে ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ ও গিফট ভাউচার।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, ‘সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণে এই মেলা বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সহায়ক হবে।’
মেলার চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, এই মেলায় হাওর, সুন্দরবন, নৌ ও অ্যাডভেঞ্চার পর্যটনের পাশাপাশি ইকো ও কমিউনিটি ট্যুরিজমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি দেশি-বিদেশি পর্যটন অংশীজনদের ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মেলা উদ্বোধন করবেন।
মেলার বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেস’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেস’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’।
এ ছাড়া প্রতিদিন ব্যবসায়ীদের জন্য বিটুবি সেশন, সেমিনার, গন্তব্য পরিচিতি পর্ব ও প্যানেল আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।
এবারের মেলার টাইটেল স্পনসর হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এছাড়া কনভয় সার্ভিস ট্রান্সপোর্ট পার্টনার, এম৩৬০ আইসিটি পার্টনার, দ্য ট্রাভেল বাউন্ড অফিসিয়াল পাবলিকেশন, ঢাকা ডিনার ক্রুজ ক্রুজ পার্টনার এবং এনআরবি ভিস্তারা লিমিটেড অফিসিয়াল ট্রাভেল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। বিটুবি নেটওয়ার্কিং সেশন পার্টনার হিসাবে থাকছে- বোটফ।
মেলা উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।
সংবাদ সম্মেলনে থাইল্যান্ড, ফিলিপাইন, মালদ্বীপ ও মালয়েশিয়ার প্রতিনিধি, এভিয়েশন অ্যান্ড ট্রাভেল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ারসহ পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্পনসর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










