বর্ষসেরা এয়ারলাইন ক্যাথে প্যাসিফিক,ডমেস্টিক ইউএস-বাংলা


ঢাকাঃ ২০২৬ সালের ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছে ক্যাথে প্যাসিফিক। অপরদিকে, দেশের আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ ও উড়োজাহাজ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখায় ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার–২০২৬’ স্বীকৃতি পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এ নিয়ে টানা পঞ্চমবারের মতো দেশের সেরা অভ্যন্তরীণ এয়ারলাইনের স্বীকৃতি অর্জন করলো বেসরকারি এই উড়োজাহাজ সংস্থা।
পর্যটনবিষয়ক প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত ১১তম ‘শেয়ারট্রিপ - মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’-এ এ স্বীকৃতি
পেয়েছে এয়ারলাইনটি। পাশাপাশি সেরা ইকোনমি ক্লাস ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ডসহ বিভিন্ন ক্যাটাগোরিতেও সম্মাননা অর্জন করেছে এয়ারলাইনটি।

এবারের আয়োজনের টাইটেল স্পন্সর ছিল শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ। এছাড়া বৈশ্বিক গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম
(জিডিএস) প্রতিষ্ঠান স্যবার এবং রাজধানীর নতুন পাঁচ তারকা হোটেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল।
রবিবার (৮ নভেম্বর) ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান এমপি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী সহ এভিয়েশন ও পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনগুলোর ২৬টি সেবা ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। প্রতিটি ক্যাটাগরিতে গোল্ড ও সিলভার পদক প্রদান করা হয়। অনলাইনে নিয়মিত আকাশপথে ভ্রমণকারী যাত্রীদের ভোট এবং বিশিষ্ট বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীরা নির্বাচিত হয়েছে।
যাত্রী পরিবহন ও পাবলিক পারসেপশনের ভিত্তিতে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ১০টি এয়ারলাইন ব্র্যান্ডকেও স্বীকৃতি প্রদান করা হয়।
গত ২১ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত অনলাইন ভোটে প্রায় ২ হাজার ৪০০ নিয়মিত আকাশপথের যাত্রী অংশ নেন। পূর্ববর্তী বছরে
ভ্রমণের অভিজ্ঞতার ভিত্তিতে তাঁরা পছন্দের এয়ারলাইনকে ভোট দেন।
গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে এমিরেটস সেরা বিজনেস ক্লাস, সেরা ইন-ফ্লাইট বিনোদন, বিজনেস ক্লাসে সেরা ইন-ফ্লাইট মিল এবং এমিরেটস স্কাইওয়ার্ডসের জন্য সেরা লয়্যালটি প্রোগ্রাম ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স ইকোনমি ক্লাসে সেরা কেবিন সার্ভিস এবং সেরা এয়ারলাইন কেবিন ক্রু ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইকোনমি ক্লাসে সেরা ইন-ফ্লাইট মিল এবং ওয়েজ আর্নার ফ্রেন্ডলি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্ষসেরা অভ্যন্তরীণ এয়ারলাইন, পূর্ববর্তী বছরের তুলনায় সর্বোচ্চ উন্নয়ন সাধনকারী এবং সেরা বিমানবন্দর সেবা (অভ্যন্তরীণ) ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে।
অন্যান্য উল্লেখযোগ্য গোল্ড অ্যাওয়ার্ড বিজয়ীদের মধ্যে রয়েছে—সেরা দূর পাল্লার এয়ারলাইন ও অসাধারণ সামাজিক অবদানের জন্য টার্কিশ এয়ারলাইন্স; মাঝারি পাল্লার এয়ারলাইনের জন্য কাতার এয়ারওয়েজ; সেরা স্বল্প পাল্লার এয়ারলাইনের জন্য থাই এয়ারওয়েজ; সেরা বাজেট এয়ারলাইনের জন্য ইন্ডিগো; সেরা শিক্ষার্থী-বান্ধব এয়ারলাইনের জন্য মালয়েশিয়া এয়ারলাইন্স এবং বর্ষসেরা কার্গো এয়ারলাইনের জন্য সৌদিয়া কার্গো।
সেরা ফ্রেইট ফরওয়ার্ডার ও লজিস্টিকস সেবা প্রদানকারী ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ডিএসভি বাংলাদেশ।
এছাড়াও বিমানবন্দরের লাউঞ্জ ক্যাটাগরিতে সেরা আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ হিসেবে ইবিএল স্কাই লাউঞ্জ এবং সেরা অভ্যন্তরীণ বিমানবন্দর লাউঞ্জ হিসেবে এমটিবি এয়ার লাউঞ্জ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে।
দেশের এভিয়েশন ও পর্যটন খাতের প্রবীণ ব্যক্তিত্ব এস এ রেজা হোসেনকে এ শিল্পে তাঁর আজীবন নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ জুরি বোর্ডের আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।
জুরি বোর্ডে সভাপতিত্ব করেন অ্যামচেম বাংলাদেশের সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।
সংশ্লিষ্ট বিভিন্ন শিল্পখাতের বিশিষ্ট নেতা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত হয় এ জুরি বোর্ড।
উল্লেখ্য, এয়ারলাইন সেবার উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া, সেবার মানোন্নয়নে উৎসাহিত করা এবং বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন শিল্পে
এয়ারলাইনগুলোর অবদানকে সম্মানিত করার লক্ষ্যে ২০০৭ সালে দ্য বাংলাদেশ মনিটর এ বার্ষিক পুরস্কার কর্মসূচি চালু করে।










