ঢাকায় কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র চালু


ঢাকাঃ বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়াকে আরো সহজ ও সুশৃঙ্খল করতে ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে নতুন এই ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ইউমি তালওয়ার। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নতুন এই কেন্দ্র চালুর ফলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীরা অনলাইনে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢাকায় এসে সহজেই তাঁদের আবেদন জমা দিতে পারবেন। কেন্দ্রটি বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারের দ্বিতীয় তলা, প্লট ৮০, ব্লক বি, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩-এ অবস্থিত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল জানিয়েছে, দেশের যেকোনো প্রান্তের আবেদনকারীরা এখন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে এই কেন্দ্রে গিয়ে ভিসার আবেদন জমা দিতে পারবেন। কেন্দ্রটি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।
ইউমি তালওয়ার বলেন, নতুন এই কেন্দ্র বাংলাদেশের ভ্রমণকারীদের ভিসা আবেদন জমা দেওয়ার অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে। প্রশস্ত ও কেন্দ্রীয়ভাবে অবস্থিত কেন্দ্রটিতে প্রশিক্ষিত কর্মীরা আবেদনকারীদের সহায়তা করবেন বলে তিনি জানান।
২০১১ সাল থেকে দক্ষিণ কোরিয়া সরকারের হয়ে ভিসা প্রক্রিয়াকরণ সেবা দিয়ে আসছে ভিএফএস গ্লোবাল। প্রতিষ্ঠানটি বর্তমানে ৫টি দেশে ৭টি কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করছে।
ভিএফএস গ্লোবাল স্পষ্ট করে জানিয়েছে, তাদের কাজ কেবল প্রশাসনিক পর্যায়ে সীমাবদ্ধ -- আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং সিদ্ধান্তের পর পাসপোর্ট ফেরত দেওয়া পর্যন্তই। ভিসা মঞ্জুর বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত পুরোপুরি সংশ্লিষ্ট দূতাবাসের এখতিয়ারভুক্ত।
ভিসা সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য আবেদনকারীদের কেবল দূতাবাস ও ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যাবে visaforkorea-bd.com ওয়েবসাইটে।
জুরিখ ও দুবাইভিত্তিক ভিএফএস গ্লোবাল বিশ্বের ৭১টি সরকারের সঙ্গে কাজ করে বলে জানিয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, ১৬৯টি দেশে তাদের ৪ হাজার ২শর বেশি আবেদন কেন্দ্র রয়েছে এবং ২০০১ সাল থেকে তারা ৫৫৭ মিলিয়নের বেশি লেনদেন প্রক্রিয়াজাত করেছে।










