বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট-শ্রম ভিসা বন্ধ করলো লাওস


ঢাকাঃ বহির্বিশ্বে বাংলাদেশের জনশক্তি রফতানি ও শ্রমবাজার নিয়ে একের পর এক নেতিবাচক খবর আসছে।
মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা নিয়ে অনিশ্চয়তা এবং সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবাসী বাংলাদেশীদের ভিসা বাতিলের ঘটনার পর এবার লাওসেও বাংলাদেশী কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা এসেছে। এতে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ আরো সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস সম্প্রতি বাংলাদেশী কর্মীদের নতুন শ্রম ভিসা ও প্রবেশ স্থগিত করেছে। অবৈধ অভিবাসন, মানব পাচার, অননুমোদিত শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান এবং কর্মী নিয়োগের পর দায় এড়িয়ে যাওয়া নিয়োগকর্তাদের নিয়ন্ত্রণে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
পরপর কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রমবাজারে এমন সংকট বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানকে নতুন অনিশ্চয়তার মুখে ফেলেছে।
বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট ও শ্রম প্রকল্পগুলোর অনুমোদন স্থগিত করেছে লাওস। গত ৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়টি এ নির্দেশনা জারি করে দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মানবপাচার, অনুপ্রবেশ, অনুমোদনহীন শ্রম দালাল এবং শ্রমিক এনে তাদের দায়িত্ব এড়িয়ে যাওয়া নিয়োগকর্তাদের নিয়ন্ত্রণ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২৬ সালের শেষ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে, গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এ নিষেধাজ্ঞা।
এই আদেশের ফলে বাংলাদেশি নাগরিকের প্রবেশ বা কর্মসংস্থানের অনুমতি স্বাধীনভাবে দিতে পারবেন না দেশটির কোনো কোম্পানি, নিয়োগকর্তা এবং লেবার অপারেটররা।
নির্ধারিত চুক্তির সময়সীমা রয়েছে এমন বড় ধরনের সরকারি অনুমোদিত অগ্রাধিকারমূলক প্রকল্পগুলো এই স্থগিতাদেশের আওতামুক্ত থাকবে বলেও ওই নির্দেশনায় বলা হয়েছে।










