ইতালিতে বৈধ বাংলাদেশী দেড় লাখ ছাড়িয়েছে
ইতালিতে ইউরোপের বাইরের দেশগুলো থেকে যাওয়া বিদেশী নাগরিকদের সংখ্যা বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশীরা অষ্টম অবস্থায় রয়েছে।
গত জুলাইয়ে ইতালির শ্রম ও সামাজিক পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইনফোমাইগ্রেন্টসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত সর্বশেষ সমীক্ষা অনুযায়ী ইতালিতে নিয়মিতভাবে বসবাস করছেন এক লাখ ৫০ হাজার ৬৫২ বাংলাদেশী। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে এই সংখ্যা হচ্ছে সর্বোচ্চ।
ইউরোস্ট্যাটের পরিসংখ্যান দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশী নাগরিকরা থাকেন ফ্রান্সে। তৃতীয় প্রধান দেশ হচ্ছে স্পেন।
২০০২ সালে ইতালিতে বাংলাদেশীদের সংখ্যা ছিল ২২ হাজারের মতো। অর্থাৎ ২০ বছরে এই সংখ্যা বেড়ে প্রায় সাতগুণ হয়েছে। ইতালিতে বসবাসরত বাংলাদেশীরা রেমিট্যান্স পাঠিয়ে নিজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইতালি থেকে যেসব দেশে অভিবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে থাকেন, তার মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ইতালি থেকে পাঠানো মোট রেমিট্যান্সের ১৫ শতাংশ যাচ্ছে বাংলাদেশে।
ইনফোমাইগ্রেন্টসের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশীদের দেশ ছেড়ে ইতালিতে স্থায়ী বসবাসের যেসব কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক সমস্যা, নাজুক অর্থনীতি ও জলবায়ু পরিবর্তনকে প্রধান হিসেবে ইতালি কর্তৃপক্ষ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।
-B










