বোয়িং থেকে উড়োজাহাজ ক্রয়ের চুক্তি আজ


ঢাকাঃ মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরো ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ এ-সংক্রান্ত চুক্তি হতে যাচ্ছে বলে বিমান সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আজ স্থানীয় সময় বিকাল সোয় ৪টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ২টা) চুক্তি সই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এতে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী আখতার হোসেন সই করবেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এদিকে চুক্তি সইয়ের পর বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
চুক্তির বিষয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘আমরা যতটুকু তথ্য দিয়েছি, এর বাইরে আসলে তথ্য আমার কাছে নেই। তবে বাংলাদেশ বোয়িং কিনছে, এটা তো একটা প্রকাশিত তথ্য। সুতরাং এ চুক্তি হতেও পারে। আমরা এখন পর্যন্ত অন্তত এখানে সরকারিভাবে যা জেনেছি, তথ্য এতটুকুই আছে। এর বেশি কিছু নেই।’
বোয়িংয়ের উড়োজাহাজ কিনতে রাজি হওয়ায় ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখেন সার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এর আগে বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কিনতে গত ৩০ এপ্রিল মার্কিন কোম্পানিটির সঙ্গে চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এসব উড়োজাহাজ কিনতে খরচ পড়বে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা (১ ডলারে ১২২ টাকা ৭৩ পয়সা হিসাবে)। ২০৩১-৩৫ সালের মধ্যে ধাপে ধাপে এ উড়োজাহাজগুলো বিমানকে সরবরাহ করবে বোয়িং।
নতুন চুক্তি সম্পন্ন হলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৫-এ। তবে ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়ন কাঠামো ও সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।










