হার্ট ফাউন্ডেশনের আয়োজনে যশোরে হার্ট দিবস পালিত


যশোর : “ হৃদয় বাঁচাতে --হৃদয় দিয়ে হাত বাড়াই, পাশে দাঁড়াই” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় যশোরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস-২০২৬।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যশোর হার্ট ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি উপলক্ষে হোটেল অরিয়নে অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের প্রথম সাধারণ সভা ও হৃদরোগ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার।
অনুষ্ঠানের প্রথম পর্বে ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. আব্দুর রশীদ-এর সভাপতিত্বে দাতা ও জীবন সদস্যের পরিচিতি এবং ফাউন্ডেশনের গত এক বছরের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক, প্রবীণ ক্রীড়া সাংবাদিক ও ফাউন্ডেশনের সহ-সভাপতি চিন্ময় সাহা সংগঠনের কার্যক্রম ও অগ্রগতির উপর আলোচনা করেন।
যশোর হার্ট ফাউন্ডেশনের স্থাপনা ও কার্যক্রম এগিয়ে নিতে জরুরিভাবে ১০ কোটি টাকা প্রয়োজন উল্লেখ করে মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে যশোরের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. আব্দুর রশীদ।
রাত সাড়ে ৮টায় শুরু হওয়া দ্বিতীয় পর্বে হৃদরোগ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে, হৃদরোগের সমস্যা, প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা হার্ট ফাউন্ডেশনের কার্ডিওলজিষ্ট কেশবপুর উপজেলার কৃতিসন্তান প্রফেসর ডা. অশোক দত্ত এবং যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনারি ইউনিটের কার্ডিওলোজিষ্ট ডা. জিসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
এছাড়াও বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং যশোরের সিভিল সার্জন। সঞ্চালনায় ছিলেন ডা. নাসিম রেজা।
উল্লেখ্য যে, বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে হৃদরোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি যশোরে একটি আধুনিক হৃদরোগ চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে দেশ-বিদেশে অবস্থানরত যশোরবাসীসহ সবার সম্মিলিত সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।










