চতুর্থ রানওয়ে চালু করছে ইস্তানবুল বিমানবন্দর


ঢাকাঃ তুরস্কের ইস্তানবুল বিমানবন্দরে চালু হচ্ছে চতুর্থ রানওয়ে। নতুন রানওয়েটি চালু করা হবে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। ফলে বিমানবন্দরটির মোট ল্যান্ডিং স্ট্রিপের সংখ্যা বেড়ে দাঁড়াবে ছয়টিতে।
তুরস্কের পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আবদুলকাদির উরালোগ্লু এ তথ্য জানান।
তিনি বলেন, ‘পূর্ব-পশ্চিমমুখী নতুন রানওয়েটি কংক্রিটের তৈরি। এর দৈর্ঘ্য ২ হাজার ৮২০ মিটার ও প্রস্থ ৪৫ মিটার। ইস্তানবুল বিমানবন্দরে এটিই প্রথম পূর্ব-পশ্চিমমুখী রানওয়ে।’
মন্ত্রী বলেন, ‘নতুন রানওয়ের কারণে উড়োজাহাজের ট্যাক্সি ও টার্নঅ্যারাউন্ড সময় কমবে। বিশেষ করে অভ্যন্তরীণ ফ্লাইট ও পূর্বমুখী রুটে এ সুবিধা বেশি পাওয়া যাবে। এতে জ্বালানি ও সময় সাশ্রয় হবে।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিমানবন্দরের কার্যক্রম পরিচালনায় নমনীয়তা বাড়বে।’ নতুন রানওয়েটি বিদ্যমান হ্যাঙ্গারগুলোর কাছাকাছি হওয়ায় সাধারণ উড়োজাহাজ চলাচলও দ্রুত পরিচালনা করা যাবে।










